শ্রোতাদের মতামত
'অহংকারের পরিণতি সম্পর্কে রংধনুতে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল চমৎকার'
সুপ্রিয় প্রযোজক, প্রিয়জন। আসসালামু আলাইকুম। একরাশ প্রীতিমিশ্রিত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা ও বিশ্বাস, আপনারা ভালো ও কুশলে আছেন।
২৪ ফেব্রুয়ারির সান্ধ্য অধিবেশনে অন্যান্য সব আয়োজনের পাশাপাশি গাজী আব্দুর রশিদ ভাই ও বোন আকতার জাহানের সাবলীল উপস্থাপনায় সুপ্রিয় আশরাফুর রহমান ভাইয়ের গ্রন্থিত রংধনু অনুষ্ঠানটি শুনতে ভুল করি নি।
আমরা জানি, অহংকার পতনের মূল এবং আল্লাহপাক অহংকারীকে ভালোবাসেন না। অনুষ্ঠানে অহংকারের পরিণতি সম্পর্কে অহংকারী ইঁদুর ও দয়ালু উটের শিক্ষামূলক গল্প এবং সেইসাথে পবিত্র কুরআনের আয়াতের উদ্ধৃতি শুধু শিশু-কিশোরদের জন্যই নয় বরং আবাল-বৃদ্ধ-বনিতাকে সচেতন করতে বরাবরের মতোই চমৎকার একটি দৃষ্টান্ত। এদিকে তৃষাগ্নি মণ্ডলের উচ্চারণে অহংকারী ব্যাঙকে নিয়ে কবি সুকুমার রায়ের 'বড়াই' কবিতার আবৃত্তি এবং বাংলাদেশি একঝাঁক ছোট্ট বন্ধুর কণ্ঠে গর্ব ও অহংকার নিয়ে সত্য সাহা'র লেখা গানটি ছিল অপূর্ব যা আমার মতে এ সপ্তাহের 'রংধনু' আসরের মানকে বহুলাংশেই বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে ডি-এক্সিং জগতের ভবিষ্যৎ রত্ন আমাদের সবারই আদরের মিষ্টি সোনামনি সোহেল মুরাদ স্নিগ্ধ'র সাক্ষাৎকার আমাকে যারপরনাই মুগ্ধ করেছে। ওর কণ্ঠে ছুটি কবিতা ও কুরআন তেলাওয়াত খুব ভালো লেগেছে। ওর জন্য রইল আমার প্রাণঢালা দোয়া ও স্নেহাশীষ।
পরিশেষে এত চমৎকার একটি রংধনু আসর উপহার দেয়ার জন্য সুপ্রিয় আশরাফ ভাই, গাজী আব্দুর রশিদ ভাই ও আকতার জাহান আপাকেসহ সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সবাই ভালো ও সুস্থ থাকুন এমন শুভ কামনাসহ-
আব্দুল কুদ্দুস
প্রতিষ্ঠাতা ও সভাপতি,
শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব
উত্তর ধলডাঙ্গা, শিলখুড়ী, ভূরুঙ্গামারী,
কুড়িগ্রাম-৫৬৭০
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।