সিরিয়ার ওপর ইসরাইলের বিমান হামলার অর্থ মস্কোকে উসকানি দেয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i105668-সিরিয়ার_ওপর_ইসরাইলের_বিমান_হামলার_অর্থ_মস্কোকে_উসকানি_দেয়া
সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে যেসব হামলা চালায় তার আসল লক্ষ্য হচ্ছে মস্কোকে উসকানি দেয়া যাতে ইসরাইলি বাহিনীর হামলার জবাব দেয় রুশ সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২২ ১৪:০৮ Asia/Dhaka
  • সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ
    সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ

সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে যেসব হামলা চালায় তার আসল লক্ষ্য হচ্ছে মস্কোকে উসকানি দেয়া যাতে ইসরাইলি বাহিনীর হামলার জবাব দেয় রুশ সেনারা।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইসরাইলি হামলার লক্ষ্য হচ্ছে সিরিয়ায় উত্তেজনা ছড়িয়ে দেয়া এবং দেশটিতে পশ্চিমা দেশগুলোর সামরিক তৎপরতা চালানোর ব্যবস্থা করা। ইসরাইল সিরিয়ায় যেসব হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে নিন্দা জানানো হলেও এবারই সবচেয়ে কঠোর ভাষায় রুশ রাষ্ট্রদূত মন্তব্য করলেন।

ইহুদিবাদী ইসরাইল প্রায়ই সিরিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিশেষ করে হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ যোদ্ধারা  সিরিয়ার সেনাদের সঙ্গে মিলে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছেন।

ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া সিরিয়ার একটি স্থাপনা

সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইল হামলা চালালেও এ বিষয়ে তেল আবিব প্রায় একেবারেই নিশ্চুপ থাকে। বিশেষজ্ঞরা মনে করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারের ব্যাপক সাফল্য আতঙ্কিত হয়ে ইসরাইল এসব হামলা চালায়।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে ইরানের দুইজন সামরিক উপদেষ্টা শহীদ হন। এই হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের কুর্দিস্তানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরাইলের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫