সৌদি জোট ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
-
ইয়েমেনি সেনাদের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল আতিফি (মাঝে)
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল আতিফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন যে আরব জোট তার দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে যদি এই জোট তার দেশের বিরুদ্ধে আগে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না করে।
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের অজ্ঞাত স্থানে দেশটির সামরিক বাহিনীর সদস্য এবং জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।
মেজর জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি প্রস্তুত এবং তাদের হাতে রয়েছে কৌশলগত অস্ত্র।
তিনি বলেন, "আমরা সৌদি জোটকে অব্যাহত আগ্রাসন এবং অবরোধের বিষয়ে সতর্ক করছি, এরপরও যদি তারা তাদের আচরণে পরিবর্তন না আনে তাহলে তাদের জন্য শোচনীয় ব্যর্থতা অপেক্ষা করছে এবং তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
তিনি শত্রুপক্ষকে স্মরণ করিয়ে বলেন, “তারা যদি তাদের ভুল সংশোধন না করে তাহলে আমরা তাদের হাত কেটে দেব।”
জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যখন যুদ্ধবিরতি চলছে অথচ সৌদি আরব মাঝে মাঝেই তা লঙ্ঘন করছে তখন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য দিলেন।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।