যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধি; ভেঙে গেছে অতীতের রেকর্ড
-
যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধি
পার্সটুডে- যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম আকস্মিকভাবে বেড়ে ৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। এর ফলে ২০২২ সালের সর্বোচ্চ মূল্যের রেকর্ড ভেঙে গেছে।
পার্সটুডে জানিয়েছে, মার্কিন অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) ঘোষণা করেছে, শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম আকস্মিকভাবে বেড়ে ৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কৃষক, ট্রাকচালক এবং পরিবহন কোম্পানিগুলোকে জ্বালানির বাড়তি দাম সহ্য করতে হচ্ছে।
ক্যালিফোর্নিয়া-ডেভিস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এরিক মিউলগার এ বিষয়ে বলেছেন, “আমরা যেসব পণ্য ব্যবহার করি, সেগুলো উৎপাদনে ডিজেল একটি প্রধান উপকরণ।”
ডিজেলের দাম বেড়ে যাওয়ায় যেসব শিল্প এই জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল—যেমন মৎস্য, কৃষি ও নির্মাণ খাত—সেসব শিল্পে উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। কৃষকদের জন্য এটি দ্বিগুণ আঘাত, কারণ যুদ্ধের কারণে রাসায়নিক সারের দামও বেড়েছে।
অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, এই নতুন রেকর্ড এমন সময়ে তৈরি হয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রধান কৃষিপণ্য ভুট্টা ও সয়াবিনের উত্তোলন শুরু হবে শিগগিরই। আর এই মৌসুমেই জ্বালানির চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে থাকে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।