সিরিয়া বিষয়ে মস্কো-আঙ্কারার অভিন্ন অবস্থান রয়েছে: চাভুসওগ্লু
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
সিরিয়ার চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধানে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে আঙ্কারা একমত পোষণ করে বলে জানিয়েছে তুরস্ক।
আজ (বুধবার) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেন, সিরিয়ায় একটি যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত এলাকার বেসামরিক লোকদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার ব্যাপারে আঙ্কারা এবং মস্কোর অভিন্ন অবস্থান রয়েছে।
তুরস্ক এবং রাশিয়া যখন সিরিয়ায় সংঘর্ষরত পরস্পর বিরোধী পক্ষগুলোকে আলাদাভাবে সমর্থন দিয়ে আসছে তখন চাভুসওগ্লুর এই মন্তব্য এলো। একদিকে, সিরিয়ার সাংবিধানিক সরকারকে সমর্থন দেয়ার ব্যাপারে মস্কো জোর দিয়ে আসছে। অন্যদিকে, দামেস্কের সরকার বিরোধী বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে আঙ্কারা।
সিরিয়া বিষয়ে দেশ দু'টির মধ্যে ব্যাপক মতপার্থক্য থাকা সত্ত্বেও তুরস্ক সম্প্রতি নাটকীয়ভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের তৎপরতা শুরু করেছে। ২০১৫ সালের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমায় তুরস্কের সামরিক বাহিনী একটি রুশ বোমারু বিমান ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গতকাল মঙ্গলবার মস্কো সফরে গেছেন। সিরিয়ার সংকট নিয়ে এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১০