মানবিক করিডরে সন্ত্রাসীদের হামলায় রুশ সেনাসহ আহত ৩
সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা দেশটির সরকার এবং রাশিয়ার তৈরি একটি মানবিক করিডরে রকেট হামলা চালিয়েছে। এতে দুই রুশ সেনা এবং একজন সাংবাদিক আহত হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল আলেপ্পোতে মানবিক যুদ্ধবিরতি চলার সময় সন্ত্রাসীরা শহরটির পশ্চিম অংশে ক্যাস্টেলো সড়ক লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে।
গতকাল (শুক্রবার) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০ ঘন্টার জন্য আলেপ্পোতে সিরিয়া এবং রাশিয়ার মাধ্যমে ঘোষিত মানবিক যুদ্ধবিরতি পালন করা হয়।যুদ্ধকবলিত শহরটির দখলকৃত অংশ থেকে বেসামরিক নাগরিক ও জঙ্গিদের চলে যাওয়া সহজতর করতে বুধবার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সন্ত্রাসীদের মর্টার হামলার ফলে আরব, পশ্চিমা এবং রাশিয়ার অন্তত ৫০ জন প্রতিনিধি ওই এলাকা থেকে প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি মানবিক করিডর পর্যবেক্ষণে দায়িত্বে নিয়োজিত সংস্থার কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
মানবিক করিডর দিয়ে বেসামরিক ব্যক্তিদের আলেপ্পো ত্যাগে বাধা দিতেই সন্ত্রাসীরা সেখান মর্টার হামলা চালিয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।
আলেপ্পো থেকে পালিয়ে আসা এক ব্যক্তি জানিয়েছেন, শহরটিতে অবরুদ্ধ হয়ে পড়া বেসামরিক ব্যক্তিদের ত্যাগে আহরার আশ-শাম এবং জাবহাত ফাতেহ আশ-শাম বাধা দিচ্ছে। এদিকে, সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত আলেপ্পোতে ২,৫০,০০০ বেসামরিক ব্যক্তি আটকা পড়েছেন বলে সিরিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ফাদি ইসমাঈল জানিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৫