আসাদকে হত্যা করা উচিত, পৃথিবীতে তার কোনো স্থান নেই: ইসরাইলি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i38096-আসাদকে_হত্যা_করা_উচিত_পৃথিবীতে_তার_কোনো_স্থান_নেই_ইসরাইলি_মন্ত্রী
সিরিয়া জনগণের দুর্দশার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ দায়ী এবং এ কারণে তাকে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের গৃহায়ন এবং গণপুর্তমন্ত্রী ইয়োব গালান্ত। দামেস্ক সরকারের বিরুদ্ধে আমেরিকা ভিত্তিহীন নতুন অভিযোগ করার পর ইসরাইলের মন্ত্রী এ হুমকি দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৭ ১২:৩৫ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের গৃহায়ন এবং গণপুর্তমন্ত্রী ইয়োব গালান্ত
    ইহুদিবাদী ইসরাইলের গৃহায়ন এবং গণপুর্তমন্ত্রী ইয়োব গালান্ত

সিরিয়া জনগণের দুর্দশার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ দায়ী এবং এ কারণে তাকে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের গৃহায়ন এবং গণপুর্তমন্ত্রী ইয়োব গালান্ত। দামেস্ক সরকারের বিরুদ্ধে আমেরিকা ভিত্তিহীন নতুন অভিযোগ করার পর ইসরাইলের মন্ত্রী এ হুমকি দিলেন।

গতকাল (মঙ্গলবার) জেরুজালেম আল কুদসের বাইরে এক সম্মেলনে তিনি তার ভাষায় বলেন, 'আমার দৃষ্টিতে আসাদকে হত্যা করার এখনই উপযুক্ত সময়। পৃথিবীতে তার কোনো স্থান নেই।'   

দামেস্ক সরকারের বিরুদ্ধে তার নিজ দেশের জনগণকে রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যার পাশাপাশি মৃতদের লাশগুলো পুড়িয়ে দেয়ার অভিযোগ আনেন তিনি। তিনি তার ভাষায় আরো বলেন, আসাদকে হত্যা করাই হবে সিরিয়ার ঘনিষ্ঠ সমর্থক ইরানের প্রতি জবাব দেয়ার প্রথম পদক্ষেপ।

সিরিয়া সরকার দেশটির রাজধানী দামেস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সামরিক কারাগার সাইদনায়ায় নিহত বন্দিদের লাশ পোড়ানোর জন্য একটি চুল্লি নির্মাণ করেছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করার একদিন পর ইসরাইলি মন্ত্রী গালান্ত এই কঠোর মন্তব্য করলেন। কারাগারের মধ্যে ব্যাপকভাবে বন্দিদের হত্যা করার বিষয়টি গোপন রাখতে সিরিয়া এই ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন সরকার একটি ‘হলিউডি নাটক’ প্রচার করেছে যার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭