জার্মান সেনা চলে যেতে পারে; শুভ কামনা থাকবে: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i38622-জার্মান_সেনা_চলে_যেতে_পারে_শুভ_কামনা_থাকবে_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ থেকে যদি জার্মানি সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তা বড় কোনো ইস্যু হবে না। ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৭ ০৫:৫৪ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ থেকে যদি জার্মানি সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তা বড় কোনো ইস্যু হবে না। ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

এরদোগান বলেন, “তুরস্কের ইনজারলিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে জর্দানে নেয়ার বিষয়ে জার্মানি আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি তবে তারা যদি তা করে তাহলে সেটা আমাদের জন্য কোনো সমস্যা হবে না বরং আমরা জার্মান সেনাদের জন্য শুভ কামনা করব।”

গত শনিবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন দার লিয়েন বলেছিলেন, তারা তুরস্কের ইনজারলিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে জর্দানের একটি ঘাঁটিতে মোতায়েন করতে পারেন। ইনজারলিক ঘাঁটিতে জার্মানির প্রায় ২৫০ জন সেনা মোতায়েন করা রয়েছে। সিরিয়ায় দায়েশ-বিরোধী কথিত সামরিক অভিযানে অংশ নিচ্ছে এসব সেনা।

গত বছরের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে জার্মানির সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি হয়েছে। অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তুর্কি সরকার অভিযান চালাচ্ছে তার কঠোর সমালোচনা করে আসছে জার্মানি। বার্লিন বলছে, তুর্কি সরকার আইনের শাসনের বাইরে গিয়ে এসব দমন-পীড়ন চালাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫