সর্বোচ্চ নেতাকে লেখা চিঠিতে ইরানের প্রশংসা করলেন প্রেসিডেন্ট আসাদ
-
প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক শুভেচ্ছাবাণীতে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বে দেশটির জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার জনগণের প্রধান সমর্থক হিসেবে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট আসাদ তার বার্তায় দেইর আয-যোর শহর উদ্ধারে সিরিয়ার সেনা ও গণবাহিনীর সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়াকে সহযোগিতা করার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামি ইরানের অবস্থানে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণ সবসময়ই সিরিয়াকে সমর্থন দিয়ে এসেছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরো বলেছেন, সিরিয়া ও ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি বিশ্বের সব দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা, বৈষম্যহীন ও ন্যায়বিচার ভিত্তিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করবে।#
পার্সটুডে/ মো. রেজওয়ান হোসেন/১৪