গোপনে ইসরাইল সফর করলেন সৌদি যুবরাজ সালমান
-
ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু- সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান গতমাসে গোপনে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন বলে খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
এ ছাড়া, ইসরাইলি সাংবাদিক ইরাইল কাহনা এক টুইটার বার্তায় লিখেছেন, একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে সালমান তেল আবিব সফর করেন এবং সেখানে তিনি ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ইসরাইলি রেডিও এক খবরে জানিয়েছিল, সৌদি আরবের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গোপনে ইসরাইল সফর করেছেন এবং সেখানে তিনি ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এদিকে ইসরাইলের যোগাযোগমন্ত্রী ও পার্লামেন্টে লিকুদ পাটির সংসদ সদস্য আইয়ুব ঘারা জানিয়েছেন, মিশর, জর্দান ও সৌদি আরবসহ বহু আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের নেতারাও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চান বলে জানান ঘারা।
ইসরাইলের যোগাযোগমন্ত্রী বলেন, ‘ইরান-আতঙ্কের’ কারণে এসব আরব দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়।
সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরাইল ও কিছু আরব দেশ নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। এ কাজে তারা কথিত ‘ইরান-আতঙ্ক’কে অজুহাত হিসেবে ব্যবহার করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১