হিজবুল্লাহ লেবাননের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ: স্বীকার করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i53025-হিজবুল্লাহ_লেবাননের_রাজনৈতিক_প্রক্রিয়ার_অংশ_স্বীকার_করল_আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ০৯:০৮ Asia/Dhaka
  • হিজবুল্লাহ সমর্থক
    হিজবুল্লাহ সমর্থক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।

গতকাল জর্দানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তিনি তার ভাষায় বলেন, “আমরা স্বাধীন, গণতান্ত্রিক ও বাইরের প্রভাবমুক্ত লেবানন দেখতে চাই এবং আমরা জানি হিজবুল্লাহ ইরান দ্বারা প্রভাবিত। আমরা মনে করি এই প্রভাব দীর্ঘ মেয়াদে লেবাননের জন্য ক্ষতি বয়ে আনবে। তবে আমরা বাস্তবতাও স্বীকার করি যে, হিজবুল্লাহ হলো লেবাননের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

টিলারসনের এই বক্তব্য দীর্ঘদিনের অনুসৃত মার্কিন নীতির সঙ্গে অনেকটাই সাংঘর্ষিক কারণ আমেরিকা সবসময় ইসরাইলের পক্ষে ও হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান বজায় রেখেছে। এছাড়া, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরও হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করে আমেরিকা।

১৯৮০’র দশকে হিজবু্লাহ প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাস ও সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য। দীর্ঘদিন লড়াই করার পর ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী অপশক্তিকে তাড়িয়ে দিতে সক্ষম হয় এ সংগঠন। এছাড়া, ২০০৬ সালে লেবাননের ওপর চাপিয়ে দেয়া আগ্রাসনে ইসরাইলের বিরুদ্ধে ভয়াবহ লড়াই করে ইহুদিবাদী শক্তিকে লজ্জাজনক পরাজয়ের মুখে ফেলে হিজবুল্লাহ।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫