মার্কিন দূতাবাস স্থানান্তরে উৎসাহ যুগিয়েছে কয়েকটি মুসলিম দেশ: হিজবুল্লাহ
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে সোচ্চার হতে মুসলমান তথা বিশ্বের সব স্বাধীনচেতা মানুষের প্রতি আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংস্থাটি সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করতে প্রতিরোধ ও ইন্দিফাদা চালিয়ে যেতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আগামী ১৪ মে আমেরিকা তাদের দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করবে বলে ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে হিজবুল্লাহ।
তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েকটি আরব দেশ বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী করার সিদ্ধান্তের প্রতি সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাস্তবায়নে উৎসাহ পাচ্ছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করছেন।
গোটা বায়তুল মুকাদ্দাসকে ইহুদিকরণ এবং ফিলিস্তিনিদের অধিকার পুরোপুরি উপেক্ষা করতেই আমেরিকা দূতাবাস স্থানান্তরের দিন-তারিখ নির্ধারণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের প্রতিবাদ উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। ১৯৬৭ সালে ইসরাইল বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করে নেয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬