ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর দমন পীড়নের নিন্দা জানাল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i56436-ফিলিস্তিনিদের_ওপর_ইসরাইলি_বাহিনীর_দমন_পীড়নের_নিন্দা_জানাল_জাতিসংঘ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনী যে মাত্রাতিরিক্ত দমন পীড়ন চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রাদ আল হোসেইন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৮ ১৪:৪৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর দমন পীড়নের নিন্দা জানাল জাতিসংঘ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনী যে মাত্রাতিরিক্ত দমন পীড়ন চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রাদ আল হোসেইন।

গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে ইসরাইল-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনের জাতীয় ভূমি দিবস উপলক্ষে গাজাবাসী ওইদিন থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে এবং আগামী ১৫ মে চলমান বিক্ষোভ শেষ হওয়ার কথা রয়েছে। ১৫ মে ফিলিস্তিনের নাকাবা দিবস পালন করা হবে।

আজ শুক্রবার এক বিবৃতিতে মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার জেইদ রাদ আল হোসেইন বলেছেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে আসা ফিলিস্তিনিদের ওপর এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং অসংখ্য ফিলিস্তিনিকে যারা  হত্যা এবং আহত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, গত চার সপ্তাহ থেকে গাজা সীমান্তের কাছে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ইসরাইলি বাহিনীর হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত এবং ৫৫০০ জনেরও বেশি আহত হয়েছে। ইসরাইলি বাহিনীর পক্ষে কতজন হতাহত হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয় নি।  

জেইদ বলেন, ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানোর বিষয়টি খুবই বেদনাদায়ক। অসংখ্য ফিলিস্তিনি আহত হওয়ার যে খবর আসছে তাতে এটা স্পষ্ট যে ইসরাইলি বাহিনী একবার নয় দুইবার নয় বারবার ফিলিস্তিনিদের ওপর তাজাগুলি ব্যবহার করছে।

এদিকে, আজও গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরাইলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭