সিরিয়ার হোমসে আত্মসমর্পণ করল সন্ত্রাসীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i56696-সিরিয়ার_হোমসে_আত্মসমর্পণ_করল_সন্ত্রাসীরা
সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের কাছের একটি এলাকার নিয়ন্ত্রণ সরকারি সেনাদের কাছে ছেড়ে দিতে রাজি হয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা। নতুন একটি চুক্তির আওতায় তারা সরকারের কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয় এবং এলাকাটি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৩, ২০১৮ ০৯:৩৪ Asia/Dhaka
  • রাস্তান ও তালবিসেহ শহরের মাঝে সিরিয়ার সরকারি সেনাদের অবস্থান
    রাস্তান ও তালবিসেহ শহরের মাঝে সিরিয়ার সরকারি সেনাদের অবস্থান

সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের কাছের একটি এলাকার নিয়ন্ত্রণ সরকারি সেনাদের কাছে ছেড়ে দিতে রাজি হয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা। নতুন একটি চুক্তির আওতায় তারা সরকারের কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয় এবং এলাকাটি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া এ বিষয়ে মধ্যস্থতা করেছে এবং চুক্তির পর দুপক্ষ মস্কোর প্রশংসা করেছে। চুক্তি অনুযায়ী সন্ত্রাসীরা তাদের অস্ত্র সমর্পণ করতেও সম্মত হয়েছে। পাশাপাশি যেসব জায়গায় মাইন বসানো রয়েছে সেসব জায়গার ম্যাপও দিতে রাজি হয়েছে তারা।   

যেসব শহরকে চুক্তির আওতায় আনা হয়েছে সেগুলো হলো- হুলা, রাস্তান ও তালবিসেহ এবং আশপাশের কয়েকটি গ্রাম। এলাকাটি হোমস ও হামা শহরের সঙ্গে সংযুক্ত মহাসড়কের পাশেই অবস্থিত এবং চুক্তি অনুযায়ী তিনদিনের মধ্যে মহাসড়কটি খুলে দেয়া হবে।

আগের মতোই এ চুক্তিতেও সন্ত্রাসীদের সামনে দুটি অপশন দেয়া হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, হয় সন্ত্রাসীরা রাষ্ট্রীয় শাসন মেনে নেবে এবং এলাকায় বসবাস করবে; না হয় তারা পরিবার-পরিজন নিয়ে সন্ত্রাসী অধ্যুষিত এলাকায় চলে যাবে।

সন্ত্রাসীদের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যেসব সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করতে রাজি হবে না তাদেরকে তুরস্ক সীমান্তবর্তী সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার সুযোগ দেয়া হবে এবং আগামী শনিবার থেকে এ প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩