রুশ বিমান ভূপাতিত হওয়ার মূল দায় ইসরাইলের: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i64429-রুশ_বিমান_ভূপাতিত_হওয়ার_মূল_দায়_ইসরাইলের_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাশিয়ার একটি আইএল-২০ বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হওয়ার মূল দায় ইহুদিবাদী ইসরাইলের। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৮ ১১:৫৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট আসাদ ও প্রেসিডেন্ট পুতিন (ফাইল ছবি)
    প্রেসিডেন্ট আসাদ ও প্রেসিডেন্ট পুতিন (ফাইল ছবি)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রাশিয়ার একটি আইএল-২০ বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হওয়ার মূল দায় ইহুদিবাদী ইসরাইলের। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে এ মন্তব্য করেছেন।

ইসরাইলি বিমান হামলার সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের গোলার আঘাতে দুর্ঘটনাক্রমে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়ে এর ১৫ আরোহীর সবাই নিহত হয়।

বুধবার পুতিনকে লেখা চিঠিতে আসাদ বলেন, ইসরাইলি আগ্রাসনের কারণে এটি ছিল একটি ‘দুঃখজনক দুর্ঘটনা’। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল সব সময় নিজের অশুভ লক্ষ্য হাসিলের জন্য ‘নোংরাতম পন্থা’ অবলম্বন করে।

রাশিয়ার একটি আইএল-২০ বিমান (ফাইল ছবি)

সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের জনগণের পক্ষ থেকে নিহত রুশ সেনাদের পরিবার ও রাশিয়ার সরকার এবং জনগণকে শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, নিহত রুশ সেনারা সিরিয়ায় চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধে বীরোচিত অবদান রেখেছেন।

এই দুর্ঘটনা মস্কো-দামেস্ক সহযোগিতায় কোনো প্রভাব ফেলবে না বলে প্রেসিডেন্ট আসাদ আশা প্রকাশ করেন।

গত সোমবার রাতে ইহুদিবাদী জঙ্গি বিমানগুলো সিরিয়ার লাতাকিয়া প্রদেশের সরকারি অবস্থানে বোমাবর্ষণ করে। এ সময় ইসরাইলি জঙ্গিবিমানগুলো ভূপাতিত করতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় হয়ে ওঠে। একই সময়ে রাশিয়ার ১৫ সৈন্যবাহী একটি আইএল-২০ বিমান লাতাকিয়া প্রদেশের হামেইমিম ঘাঁটি থেকে আকাশে ওড়ে। ফলে ভুলবশত সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের গোলার আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০