দ. কোরিয়া থেকে আরো এক ব্যাচ টি-৫০ বিমান পেল ইরাক
-
টি-৫০ গোল্ডেন ঈগল বিমান
ইরাকের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া থেকে আরো কেএআই টি-৫০ গোল্ডেন ঈগল সুপারসনিক বিমান পেয়েছে। হাল্কা ধরনের এ বিমান প্রশিক্ষণ ও যুদ্ধাভিযান- দুই কাজেই ব্যবহার করা যাবে। ইরাক ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কয়েক বছর আগে বিমান সরবরাহের বিষয়ে চুক্তি হয়েছিল।
ইরাকি বিমান বাহিনী আজ (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী বাগদাদের মুহাম্মাদ শহীদ আলা বিমানঘাঁটিতে এসে পৌঁছেছে টি-৫০ বিমানগুলো। এর আগে ইরাক সরকার গত ২৮ অক্টোবর জানিয়েছিল যে, তারা ছয়টি বিমানের চালান পেয়েছে। তার আগে ২০১৭ সালের মার্চ মাসে বাগদাদ ঘোষণা করেছিল, ছয়টি টি-৫০ বিমান পৌঁছেছে। সে সময় সামরিক বাহিনী বলেছিল, মে মাসে দ্বিতীয় চালান আসবে।
২৪টি বিমান কেনার বিষয়ে ২০১৩ সালের ডিসেম্বর মাসে ইরাক সরকার দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করে। অনেকটা মার্কিন লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-১৬ বিমানের আদলে তৈরি টি-৫০ গোল্ডেন ঈগল।
চুক্তি অনুযায়ী, ২০ বছর যাবৎ ইরাকি পাইলটদের প্রশিক্ষণ এবং বাড়তি যন্ত্রপাতিও দেবে সিউল। প্রথমিকভাবে চুক্তির আর্থিক মূল্য ছিল ১১০ কোটি ডলার। তবে পরবর্তীতে কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা কেএআই সংশোধিত মূল্য দিয়েছে যা ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।#
পার্সটুডে/এসআইবি/৮