৭ বছর পর সিরিয়ায় বিমানের ফ্লাইট চালু করছে জর্দান
-
জর্দান এয়ারলাইন্সের একটি বিমান
সাত বছর স্থগিত রাখার পর সিরিয়ার সঙ্গে আবার বিমান যোগাযোগ প্রতিষ্ঠা করতে যাচ্ছে জর্দান। এরইমধ্যে রাজকীয় জর্দান এয়ারলাইন্সের বিমানকে সিরিয়ার আকাশে চলাচল শুরুর অনুমতি দিয়েছে জর্দানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কমিশন।
যখন উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়ার সরকার পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে চলেছে তখন জর্দান এ পদক্ষেপ নিল। জর্দানের সরকারি বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, কয়েক দফা নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে জর্দানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কমিশন ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে। নিয়ন্ত্রণ কমিশন আরো বলেছে, তারা এখনো সিরিয়ার বিমানবন্দরগুলোর বিশেষ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থতি পর্যালোচনা করে দেখছে।
রাজকীয় জর্দান এয়ারলাইন্স সিরিয়ার আকাশে ফ্লাইট চালুর অনুমতির কথা স্বীকার করেছে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তারা পরিস্থিতি মূল্যায়ন করে দেখবে বলেও জানিয়েছে।
২০১২ সালে জর্দান এয়ারলাইন্স সিরিয়ার আকাশে বিমান চলাচল বন্ধ করে দেয়। তার এক বছর আগে দামেস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে জর্দানের রাজতান্ত্রিক সরকার। এর পাশাপাশি সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতায় জড়িত বেশ কয়েকটি গোষ্ঠীকে সমর্থন দেয় জর্দান। এরপর ২০১৪ সালে জর্দান সিরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলে দু দেশের সম্পর্ক একেবারে স্থগিত হয়ে যায়।#
পার্সটুডে/এসআইবি/৫