'বাগদাদির ওপর হামলার ভিডিও' প্রচার করল ইরাকি রাষ্ট্রীয় টিভি
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা কথিত আইএস-এর প্রধান আবুবকর আল বাগদাদির ওপর গতরাতের হামলার ভিডিও-ফুটেজ সম্প্রচার করেছে।
মার্কিন সেনাদের কথিত ওই হামলায় বাগদাদি নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। শনিবার দিবাগত রাত বা রোববারের প্রথম প্রহরে তুর্কি সীমান্তের কাছে ব্রিশা গ্রামে ওই অভিযান চালানো হয়। হামলায় অংশ নেয় হেলিকপ্টার ও যুদ্ধ-বিমান।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ফুটেজে দিনের আলোয় ঘটনাস্থলের ভূমির একটি গর্তের ছবি দেখানো হয় যা হামলার ফলে তৈরি হয়েছে এবং মাটিতে পড়ে থাকা কিছু রক্তাক্ত কাপড়ের অংশও দেখানো হয়। এছাড়াও এই ফুটেজে রাতের বেলার একটি বিস্ফোরণেরও দৃশ্য দেখানো হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক কথিত সিরিয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা বলেছে, বাগদাদিকে টার্গেট-করা দুই ঘণ্টার ওই অভিযানে দুই নারী ও অন্ততঃ এক শিশুসহ নয় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাগদাদিও রয়েছে কিনা তা এই সংস্থা জানতে পারেনি।
এই অভিযানের আগে তুর্কি ও মার্কিন সেনা কর্তৃপক্ষ তথ্য-বিনিময় ও সমন্বয়ের কাজ করেছে বলে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সিরিয়ার কুর্দি গেরিলা বাহিনী এসডিএফ-এর প্রধানও দাবি করেছেন যে বাগদাদিকে টার্গেট করা এই অভিযানে তার সেনারা মার্কিন সেনাদের গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছে।
নাম প্রকাশ না করেই ইরাক, ইরান ও সিরিয়ার কোনো কোনো সূত্র বলেছে তারা মার্কিন এই অভিযান বা ঘটনা-প্রবাহ সম্পর্কে জানতেন। #
পার্সটুডে/এমএইচ/২৭