সিরিয়া ও লিবিয়ার সংঘাত নিয়ে আলোচনা করতে তুর্কি প্রতিনিধিদল রাশিয়ায়
-
ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা
সিরিয়া এবং লিবিয়ার পরিস্থিতি নিয়ে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তুরস্কের একটি প্রতিনিধিদল মস্কো সফর গেছে। গতকাল (সোমবার) তুরস্কের এ প্রতিনিধিদল মস্কো পৌঁছায়।
এর একদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছিলেন, ইদলিব প্রদেশে গেরিলাদের বিরুদ্ধে সিরিয়া ও রাশিয়ার যৌথ সামরিক অভিযানের মুখে হাজার হাজার বেসামরিক লোক তুরস্কের দিকে রওনা দিয়েছে। এরদোগান সতর্ক করে বলেন, তার দেশে এরইমধ্যে ৩৭ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে এবং নতুন করে তার দেশের পক্ষে আর কোনো শরণার্থী গ্রহণ করা সম্ভব হবে না।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্প্রতি অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন যে, তার দেশের সেনারা উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশ পুনরুদ্ধার করবে। সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার পদাতিক সেনারা ইদলিব প্রদেশের বেশ কয়েকটি এলাকায় অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
এদিকে, তুরস্কের একটি কূটনৈতিক সূত্র বলেছে, তার দেশের প্রতিনিধিরা লিবিয়ায় তুরস্কের সেনাদের সম্ভাব্য মোতায়েন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারেন। সম্ভাব্য সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকারের সঙ্গে গত মাসে তুরস্ক একটি সামরিক চুক্তি সই করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৪