‘আস্থা ভোটে হেরেছেন করবিন তবে পদত্যাগ করবেন না’
-
জেরেমি করবিন
ব্রিটিশ লেবার দলের নেতা জেরেমি করবিন আস্থা ভোটে হেরে গেছেন। তার পক্ষে দলের ৪০ জন এমপি ভোট দিয়েছেন আর বিরুদ্ধে ভোট দিয়েছেন ১৭২ জন। আস্থা ভোটে হেরে যাওয়ার পরও তিনি দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন।
করবিন বলেছেন, দলের যেসব সদস্য তাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন এখন পদত্যাগ করলে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এমপিদের এ ভোটের সাংবিধানিক কোনো বৈধতা নেই।
এদিকে, লেবার দল আস্থা ভোটের কথা নিশ্চিত করেছে। দলটি বলছে, এমপিরা এই উদ্যোগের মধ্যদিয়ে করবিনকে দলের সংসদীয় নেতা হিসেবে দেখতে চান না বলে রায় দিয়েছেন। তবে করবিন বলছেন, গত সপ্তাহের গণভোটের পর দেশ এখন বড় চ্যালেঞ্জের মুখ পড়েছে এবং জনগণ বিভ্ক্ত হয়ে গেছে। এ অবস্থায় লেবার দলের দায়িত্ব রয়েছে। জনগণকে এখন ঐক্যবদ্ধ করা প্রয়োজন; যেখানে সরকারের ব্যর্থতা রয়েছে সেখানে সরকারকে কাজ করতে বাধ্য করা দরকার। সে কারণে বর্তমানে দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা প্রয়োজন; বিভেদ নয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯