তুরস্কের ঘটনা বিশ্ব শান্তির জন্য হুমকি: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i14773-তুরস্কের_ঘটনা_বিশ্ব_শান্তির_জন্য_হুমকি_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি ও সেনা অভ্যুত্থান প্রচেষ্টা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় সহিংসতা এড়িয়ে দেশের সাংবিধানিক কাঠামোর আওতায় চলমান সমস্যা সমাধানের জন্য মস্কো গতকাল (শনিবার) তুর্কি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৭, ২০১৬ ০৪:৫২ Asia/Dhaka
  • তুরস্কের ঘটনা বিশ্ব শান্তির জন্য হুমকি: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি ও সেনা অভ্যুত্থান প্রচেষ্টা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় সহিংসতা এড়িয়ে দেশের সাংবিধানিক কাঠামোর আওতায় চলমান সমস্যা সমাধানের জন্য মস্কো গতকাল (শনিবার) তুর্কি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

তুরস্কের সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর দেয়া এ বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির ঘটনবলীতে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন। দেশের সংবিধানের প্রতি সম্মান দেখাতে তুরস্কের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

শুক্রবার সন্ধ্যার দিকে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা শুরু হয়। ইস্তাম্বুল শহরের বসফরাস প্রণালীর ওপর দুটি ব্রিজে ট্যাংকের অবস্থান গ্রহণের মধ্যদিয়ে এ প্রক্রিয়া শুরু হয় এবং অন্তত ২৬৫ জনের প্রাণহানির মধ্যদিয়ে এর শেষ হয়েছে। সেনা অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত সন্দেহে ২,৮৩৯ সেনাকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে বহু উঁচু পর্যায়ের সেনা কর্মকর্তা রয়েছেন।

এদিকে, তুরস্কের নির্বাচিত ও বৈধ সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে বিশেষ করে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহযোগিতা দিতে মস্কো প্রস্তুত বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর থেকে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অচলাবস্থা দেখা দেয়। তবে, সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার কাছে ক্ষমা চাওয়ার পর সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭