পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অঙ্গীকার
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ভিয়েনায় সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তার কার্যালয়ের এক মুখপাত্র গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন। এ সময় দুনেতা একমত হন যে, পরমাণু সমঝোতা সইয়ের পর থেকেই দুই দেশের সম্পর্ক বেড়েছে এবং সম্পর্কের এই উন্নয়ন ভবিষ্যতেও অব্যাহত থাকা জরুরি। ব্রিটিশ কর্মকর্তা আরো জানান, পরমাণু সমঝোতায় সই করা সব দেশেরই তাদের অঙ্গীকার পালন করা উচিত বলে মনে করেন ইরান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ব্রিটিশ এই কূটনীতিক বলেন, “প্রধানমন্ত্রী থেরেসা বারবার বলেছেন, ব্যাংকিং সহযোগিতা বাড়ানোসহ ভিয়েনা চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য সমর্থন অব্যাহত রাখবে ব্রিটেন।”
থেরেসা মে ইরান ও তার দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোরও আহ্বান জানিয়েছেন। এছাড়া জঙ্গীবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াই ও আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার ওপর গুরুত্ব দেয়ার বিষয়ে একমত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০