আফগানিস্তানে দায়েশ উপস্থিতির ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি
-
তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের একদল সন্ত্রাসী
আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি বলেছে, আফগানিস্তানে দায়েশ যেভাবে শক্তিবৃদ্ধি করছে তা মস্কোর জন্য মারাত্মক হুমকি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম পরিচালক জামির কাবুলোভ এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তানে দায়েশের উত্থানে মস্কো মারাত্মক উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারণ, রাশিয়ার নিরাপত্তার জন্য এটি গভীর ভূ-রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। আফগানিস্তানে বর্তমানে ২,৫০০ দায়েশ সন্ত্রাসী রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কাবুলোভ বলেন, “দায়েশ প্রতিনিয়ত লোকভর্তি করে নিজের যুদ্ধ করার ক্ষমতা শক্তিশালী করছে। কাজেই তাদেরকে যদি এখনই প্রতিহত করা না হয় তাহলে হয়ত একদিন আমাদেরকে আরো শক্তিশালী জঙ্গি গোষ্ঠীর মোকাবিলা করতে হবে।”
আফগানিস্তানের বর্তমান নিরাপত্তাহীন পরিস্থিতির জন্য মার্কিন সরকারকে দায়ী করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ওয়াশিংটনকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মার্কিন সরকার ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং সে আগ্রাসনে দেশটির তৎকালীন তালেবান সরকারের পতন হয়। কিন্তু তা সত্ত্বেও ওই আগ্রাসনের ১৫ বছর পরও আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরে আসেনি। এ ছাড়া, সাম্প্রতিক সময়ে দেশটিতে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪