মার্কিন উন্মাদনা আন্তর্জাতিক আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: পুতিন
আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা চালানোর যে হুমকি দিয়েছে তার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সাইবার হামলার যে উন্মাদনা আমেরিকা দেখাচ্ছে তা আন্তর্জাতিক আচরণের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।
ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বা ডিএনসি'সহ আরো কয়েকটি রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়ার কথিত সাইবার হামলার জবাবে এ হামলা চালানো হবে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এ হুমকি দিয়েছেন। তিনি বলেন, পাল্টা সাইবার হামলা চালানোর সক্ষমতা আমেরিকার আছে।
বাইডেনের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমেরিকার কঠোর সমালোচনা করেন পুতিন। ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন পুতিন।
তিনি বলেন, মার্কিন বন্ধুরা যা ইচ্ছে তাই করতে পারেন- এমনটাই প্রত্যাশা করা যায়। তবে রাশিয়া আমেরিকার সঙ্গে কোনো সংঘাত চায় না উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা কি সিদ্ধান্ত নেয় তার ওপর এটি নির্ভর করছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, শত্রু-মিত্র উভয়ের বিরুদ্ধে নির্বিচারে আড়ি পেতে কুখ্যাতি অর্জন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন গোয়েন্দা তৎপরতার কথা সবাই জানে এবং এটি গোপন কোনো কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি। পুতিন বলেন, এ ক্ষেত্রে নতুনত্ব হলো, শীর্ষস্থানীয় মহল থেকে এই প্রথম স্বীকার করা হলো যে এমন তৎপরতায় জড়িত রয়েছে আমেরিকা ।
এ ছাড়া, মার্কিন কর্মকর্তারা মস্কো বিরোধী উন্মাদনা সৃষ্টি করে আমেরিকাবাসীর নজর অভ্যন্তরীণ সমস্যা থেকে দূরে সরিয়ে দিতে এবং নির্বাচনি বৈতরণী পার হতে চেষ্টা করছে বলে জানান তিনি। #
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৬