পাল্টা ব্যবস্থা: এবার ভারতীয় কূটনীতিক বহিষ্কার করছে পাকিস্তান
-
পাক পররাষ্ট্র দপ্তর
পাকিস্তানে নিযুক্ত ভারতের এক কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসলামাবাদ। ভারতের এ কূটনীতিককে পাকিস্তান ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়া হয়েছে। পাকিস্তানের এক কূটনীতিককে গোয়েন্দাবৃত্তির অভিযোগে ভারত থেকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পর ইসলামাবাদ পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিল। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
পাক পররাষ্ট্র দপ্তর আজ (বৃহস্পতিবার) দিন শেষে ভারতীয় কূটনীতিকে বহিষ্কারের ঘোষণা দেয়। ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে নিযুক্ত এ কূটনীতিকের নাম সুরজিত সিং বলে পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় ওই কূটনীতিকের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের কারণে পাক পররাষ্ট্র সচিব গভীরভাবে উদ্বিগ্ন।”
পাক-ভারত সীমান্তে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে এবং মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনায় সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হচ্ছে তখন দু দেশ কূটনীতিক বহিষ্কারের পাল্টাপাল্টি ব্যবস্থা নিল। কাশ্মির ইস্যুতে এর আগেই দু দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭