পিটিআই নেতার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার: প্রশ্নের মুখে ইমরান খানের কর্মসূচি
-
আটক করা অস্ত্র
পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা আমিন গান্দাপুরের গাড়ি থেকে পাঁচটি কলাশনিকভ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের যখন ইমরান খানের নেতৃত্ব আগামী ২ নভেম্বর ‘ইসলাবাদ অচল’ কর্মসূচি পালিত হতে যাচ্ছে এবং এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে তখন এ ঘটনা ঘটলো।
কালাশনিকভ রাইফেল বাদেও একটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, একটি বুলেটপ্রুফ বোরকা, অ্যালকোহল ও তিনটি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।
আজ (রোববার) একটি চেকপোস্টে খাইবার পাখতুনখাওয়ার রাজস্ব বিষয়ক মন্ত্রী আমিন গান্দাপুরের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িটি বাজেয়াপ্ত করে আমিনের চালককে পুলিশে সোপর্দ করা হয়। তবে পুলিশ আমিনকে ছেড়ে দিয়েছে। পাকিস্তানের ডন পত্রিকা এ খবর দিয়েছে। পুলিশের দাবি অস্বীকার করে আমিন বলেছেন, তিনি দুইটি লাইসেন্স করা কালাশনিকভ নিয়ে ভ্রমণ করছিলেন এবং গাড়িতেও একটি লাইসেন্স ছিল। তার দাবি, পুলিশ লাইসেন্সটি উদ্ধার করে তাকে চলে যেতে দেয়।
ডন পত্রিকা জানায়, ইসলামাবাদের রুখসানা বাঙ্গাশ সড়ক এলাকায় পিটিআই প্রধান ইমরান খানের বনি গালার বাসভবন অবস্থিত। সেখানে যাওয়ার সময় একশরও বেশি পিটিআই বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে।
পিটিআই চেয়ারম্যান ইমরান খান আজ (রোববার) দলের কর্মীদের যেকোন উপায়ে বনি গালায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তারপর দলের পরিকল্পিত রাজধানী ‘অচল’ কর্মসূচি পালনের জন্য বিক্ষোভকারীরা ২ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন তিনি।
পুলিশ চারপাশ থেকে তাদের বনি গালায় পৌঁছাতে বাধা দেয়ার চেষ্টা করছে। বিক্ষোভকারীরাও পুলিশের উদ্দেশ্যে পাথর ছুঁড়েছে। ঊর্ধ্বতন পুলিশ সুপারিনটেন্ডেট সাজিদ কিয়ানির নেতৃত্বে পুলিশ পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০