গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনা করতে পাক প্রতিনিধিদল আসছে ইরানে
-
ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প (ফাইল ফটো)
ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প শেষ করতে ইসলামাবাদ আগ্রহী এবং জ্বালানি প্রকল্প সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে শিগগিরি পাকিস্তানের একটি প্রতিনিধিদল ইরান সফর করবে। পাকিস্তানের ইন্টার স্টেট গ্যাস সিস্টেম বা আইএসজিএস’র ব্যবস্থাপনা পরিচালক মোবিন সলাত একথা বলেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে মোবিন বলেন, ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদোস্তের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দু পক্ষই গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে এগিয়ে যেতে সংকল্প প্রকাশ করেছে বলে জানান তিনি।
মোবিন বলেন, পরমাণু সমঝোতার পর নতুন পরিবেশে পাইপলাইন প্রকল্পের অবস্থা পাকিস্তানের অনুকূলে রয়েছে এবং চলতি মাসের শেষ নাগাদ বা ডিসেম্বরের শুরুতে প্রকল্প সম্পর্কিত আলোচনার জন্য পাকিস্তানি প্রতিনিধিদল ইরান সফর করবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় থেকে ৫-৬ জন সদস্য নিয়ে প্রতিনিধিদল গঠিত হবে বলেও জানান তিনি। তবে তাদের আসন্ন সফরের সময়সূচি নিয়ে এ কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য দেন নি।
এদিকে, বৈঠকে ইরানি রাষ্ট্রদূত হোনারদোস্ত দু দেশের মধ্যে এলপিজি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন বলে জানান তিনি।
মোবিন বলেন, “আমরা এরইমধ্যে চীনা কোম্পানির সঙ্গে গোয়াদার-নওয়াবশাহ পাইপলাইন নির্মাণের চুক্তি করেছি। আশা করছি, গোয়াদার থেকে ইরান সীমান্ত পর্যন্ত বাকি ৮০ কিলোমিটার অংশের নির্মাণকাজ শিগগিরি শুরু হবে।”
এর আগে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছিলেন, গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ এগিয়ে নিতে ইরান ও পাকিস্তান দু পক্ষই পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২