এরদোগানের ভাষণ বর্জনের সিদ্ধান্তে অসন্তষ্ট পিটিআই সংসদ সদস্যরা
-
পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও শাহ মেহমুদ কোরেশি (বামে)
পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভাষণ বর্জনের সিদ্ধান্তে অসন্তষ্ট হয়েছেন ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের সংসদ সদস্য ও সিনেটররা। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
ডনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পিটিআই’র কয়েকজন সংসদ সদস্য ও সিনেটর অভিযোগ করেন, এরদোগানের ভাষণ বর্জন করার বিষয়ে তাদের সঙ্গে দলের নেতারা পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলের ‘মিডিয়া স্ট্র্যাটেজি কমিটি’ সিদ্ধান্ত নিয়েছে; অথচ এ কমিটি গঠন করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পানামাগেট কেলেংকারির বিষয়ে সুপ্রিম কোর্টে বক্তব্যের জবাব দেয়ার জন্য।
শনিবার পিটিআই দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি এরদোগানের ভাষণ বর্জনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আগামী ১৭ নভেম্বর পাক সংসদের যৌথ অধিবেশনে এরদোগানের ভাষণ দেয়ার কথা রয়েছে। ভাষণ বর্জনের ঘোষণা দিয়ে কোরেশি বলেন, “এমন একজন বিতর্কিত প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা অধিবেশনে যোগ দিতে পারি না।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪