পাক সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল বাজওয়া
https://parstoday.ir/bn/news/world-i27001-পাক_সেনাপ্রধানের_দায়িত্ব_গ্রহণ_করলেন_জেনারেল_বাজওয়া
পাকিস্তান সেনাবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। আজ (মঙ্গলবার) রাওয়ালপিন্ডির পাক সেনা সদর দফতরের আর্মি হকি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৯, ২০১৬ ০৯:৫২ Asia/Dhaka
  • পাক সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল বাজওয়া

পাকিস্তান সেনাবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। আজ (মঙ্গলবার) রাওয়ালপিন্ডির পাক সেনা সদর দফতরের আর্মি হকি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জেনারেল বাজওয়ার হাতে সেনাপ্রধানের ঐতিহ্যবাহী ব্যাটন তুলে দেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। বিদায়ী ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল যুদ্ধের মাধ্যমে ইতিহাসকে বদলে দিয়েছে পাকিস্তান। পাক বাহিনী ভবিষ্যতে দেশের জনগণের প্রত্যাশা পূরণ অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেনারেল রাহিল তার বিদায়ী ভাষণে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়েও কথা বলেন। গোয়াদর বন্দর দিয়ে সফল মালামাল পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সিপিইসির বিরুদ্ধে যারা নাশকতা চালাতে চায় তাদের উচিত এমন দুরাশা ত্যাগ করা এবং এ প্রকল্পকে সমর্থন করা।

এ ছাড়া, কাশ্মির প্রসঙ্গেও কথা বলেন তিনি। জেনারেল রাহিল বলেন, পাকিস্তানের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নেয়া ভারতের উচিত হবে না। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সিদ্দিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/২৯