৩৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব দিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i29605-৩৫_মার্কিন_কূটনীতিককে_বহিষ্কারের_প্রস্তাব_দিল_রুশ_পররাষ্ট্র_মন্ত্রণালয়
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন সরকার রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করার পর মস্কোও পাল্টা পদক্ষেপের পরিকল্পনা গ্রহণ করেছে।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৩:৪৬ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরফ
    সের্গেই ল্যাভরফ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন সরকার রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করার পর মস্কোও পাল্টা পদক্ষেপের পরিকল্পনা গ্রহণ করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ আজ (শুক্রবার) বলেছেন, " আমরা ৩৫ মার্কিন কূটনীতিককে 'অনাকাঙ্ক্ষিত ব্যক্তি' হিসেবে ঘোষণা করে তাদেরকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছি। একইসঙ্গে মস্কোয় মার্কিন দূতাবাসের দু'টি দপ্তরও বন্ধের প্রস্তাব করা হয়েছে।" এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। আমেরিকার নয়া নিষেধাজ্ঞার জবাব দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট পুতিন সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন।  

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রুশ দূতাবাস এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত রুশ কনস্যুলেটের ৩৫ কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে ঘোষণা করে ৭২ ঘন্টার মধ্যে তাদেরকে আমেরিকা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

পাশাপাশি রাশিয়ার নয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছে আমেরিকা। নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাশিয়ার দু’টি গোয়েন্দা সংস্থা জিআরইউ এবং এফএসবি রয়েছে। এছাড়া, নিউ ইয়র্ক এবং মেরিল্যান্ডে রুশ দপ্তর বন্ধ করে দেয়া হয়েছে।

সাম্প্রতিক নির্বাচনের পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ও তার প্রচারণা দলের ওপর রাশিয়া হ্যাকিং করেছিল বলে ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট বারাক ওবামা মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০