‘পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করতে চায় না ভারত’
https://parstoday.ir/bn/news/world-i33342-পাকিস্তানকে_সন্ত্রাসী_রাষ্ট্র’_ঘোষণা_করতে_চায়_না_ভারত’
পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করতে রাজী নয় ভারত। ভারতের স্বতন্ত্র এক সংসদ সদস্য দেশটির সংসদে এ ধরণের ঘোষণা দেয়ার দাবি জানিয়ে একটি বিল উত্থাপন করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে অনুমোদন না দেয়ার জন্য দেশটির সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ২০:৪৪ Asia/Dhaka
  • ‘পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করতে চায় না ভারত’

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করতে রাজী নয় ভারত। ভারতের স্বতন্ত্র এক সংসদ সদস্য দেশটির সংসদে এ ধরণের ঘোষণা দেয়ার দাবি জানিয়ে একটি বিল উত্থাপন করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে অনুমোদন না দেয়ার জন্য দেশটির সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে।

ভারতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রাজীব চন্দ্রশেখর এ বিল উত্থাপন করেছেন। গত ৩ ফেব্রুয়ারি তা আলোচনার জন্য তোলা হয়েছিল। সন্ত্রাসকে সমর্থন দানকারী রাষ্ট্রের নাগরিকদের ওপর আইনগত, অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে এ বিলে। 

সংসদ সচিবালয়ের কাছে লেখা চিঠিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিলের বিরোধিতা করে বলেছে, জেনেভা কনভেনশনের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্ককে বিপদগ্রস্ত করবে এ বিল।

ভারতীয় শীর্ষ এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমকে বলেন, হাই কমিশন এবং বাণিজ্য সম্পর্কসহ প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত আন্তর্জাতিক আইন মানতে বাধ্য উল্লেখ করে তিনি আরো বলেন, কোনো দেশকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করা ভারতের জন্য উচিত হবে না।

পাকিস্তান সন্ত্রাসী হামলাকে সমর্থন দেয় বলে অভিযোগ করা সত্ত্বেও নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি কারগিল যুদ্ধ এবং অপারেশন পরাক্রম নামে পরিচিত ২০০১ ও ২০০২ সালে কাশ্মির সীমান্তে যুদ্ধের পুরো প্রস্তুতি নিয়ে ভারতীয় সেনা মোতায়েনের সময়ও এ সম্পর্ক বজায় ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২১