‘জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে দেবে না বার্লিন’
https://parstoday.ir/bn/news/world-i35250-জার্মানিতে_বসবাসরত_তুর্কি_নাগরিকদের_বিরুদ্ধে_গুপ্তচরবৃত্তি_করতে_দেবে_না_বার্লিন’
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়ার বলেছেন, তুরস্ককে তার দেশে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার অনুমতি দেয়া হবে না। আঙ্কারা জার্মানিতে বসবাসরত তুরস্কের সরকার বিরোধী নাগরিকদের একটি তালিকা বার্লিনের হাতে হস্তান্তর করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন মেইজিয়ার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৭ ০২:৫০ Asia/Dhaka
  • থমাস ডি মেইজিয়ার
    থমাস ডি মেইজিয়ার

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়ার বলেছেন, তুরস্ককে তার দেশে বসবাসরত তুর্কি নাগরিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার অনুমতি দেয়া হবে না। আঙ্কারা জার্মানিতে বসবাসরত তুরস্কের সরকার বিরোধী নাগরিকদের একটি তালিকা বার্লিনের হাতে হস্তান্তর করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন মেইজিয়ার।

তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি’র প্রধান হাকান ফিদান গত মাসে জার্মান গোয়েন্দা প্রধান ব্রুনো কাহ্‌লের কাছে জার্মানিতে বসবাসরত ৩০০ তুর্কি নাগরিক ও ২০০ সংগঠনের তালিকা হস্তান্তর করেন। তালিকার সঙ্গে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য এবং গোপনে  তোলা ছবিও তুলে দেয়া হয়।

এসব নাগরিক তুরস্কের প্রবাসী সরকার বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের সমর্থক বলে জানানো হয়। তুর্কি গোয়েন্দা প্রধান এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জার্মান কর্তৃপক্ষের সহযোগিতা চান।  কিন্তু বার্লিন উল্টো তালিকায় থাকা ব্যক্তিদেরকে তুরস্কে সফরে যাওয়ার ব্যাপারে সাবধান করে দেয়। এমনকি জার্মানির তুর্কি দূতাবাস ও কনস্যুলেটগুলোতেও তাদেরকে না যাওয়ার অনুরোধ করে বার্লিন।

এ সম্পর্কে মঙ্গলবার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম প্রকাশ্যে কথা বলেন।  তিনি জানান, জার্মানিত বসবাসরত ব্যক্তিরা সেদেশের বিচার বিভাগের আইন-কানুন মেনে চলতে বাধ্য; অন্য কোনো দেশের নয়।  এ ছাড়া, জার্মানিতে বসবাসরত কোনো ব্যক্তির বিরুদ্ধে বাইরের কোনো দেশকে গুপ্তচরবৃত্তি করতে দেয়া হবে না বলেও তিনি সতর্ক করে দেন।

জার্মানীর পশ্চিমাঞ্চলীয় রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের পুলিশ প্রধান বলেছেন, তুরস্কের পক্ষ থেকে দেয়া তালিকাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বার্লিন। জার্মানির শীর্ষস্থানীয় নেতা ও কর্মকর্তারা এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯