জার্মানির ৪৪ নাগরিককে আটক করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i39268-জার্মানির_৪৪_নাগরিককে_আটক_করল_তুরস্ক
তুরস্ক সরকার দেশটিতে অবস্থানরত ৪৪ জন জার্মান নাগরিককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জার্মান সরকার যতক্ষণ পর্যন্ত দেশটিতে আশ্রয় নেয়া কর্মকর্তাদেরকে আঙ্কারার হাতে তুলে না দিচ্ছে ততক্ষণ এসব জার্মান নাগরিককে ছাড়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৭ ০৫:০৫ Asia/Dhaka
  • জার্মানির ৪৪ নাগরিককে আটক করল তুরস্ক

তুরস্ক সরকার দেশটিতে অবস্থানরত ৪৪ জন জার্মান নাগরিককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জার্মান সরকার যতক্ষণ পর্যন্ত দেশটিতে আশ্রয় নেয়া কর্মকর্তাদেরকে আঙ্কারার হাতে তুলে না দিচ্ছে ততক্ষণ এসব জার্মান নাগরিককে ছাড়া হবে না।

এরদোগান সরকার মনে করছে, বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের সমর্থক যেসব সেনা কর্মকর্তা গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থান করেছিলেন তাদের অনেক জার্মানিতে আশ্রয় নিয়েছেন।

জার্মানির তুর্কি বংশোদ্ভূত সংসদ সদস্য এবং দেশটির গ্রিন পার্টির নেতা ‘ওজগান মোতলো’ তুরস্কে আটক জার্মান নাগরিকদের সংখ্যাকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য বার্লিনের প্রতি আহ্বান জানিয়েছেন।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে গত বছরের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির শত শত সেনা কর্মকর্তা, কূটনীতিক, বিচারক ও সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা বার্লিনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

তুর্কি সরকার বহুবার জার্মানিতে আশ্রয় গ্রহণকারী সন্দেহভাজন ব্যক্তিদেরকে আঙ্কারার হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছে। গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে বার্লিন-আঙ্কারা সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩