কাবুলের শিয়া মসজিদে জঙ্গি হামলা: অন্তত ৪ মুসল্লির প্রাণহানি
https://parstoday.ir/bn/news/world-i40272-কাবুলের_শিয়া_মসজিদে_জঙ্গি_হামলা_অন্তত_৪_মুসল্লির_প্রাণহানি
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলায় অন্তত চার মুসল্লি নিহত ও বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৭ ০৪:০৪ Asia/Dhaka
  • কাবুলের আল-যাহরা মসজিদে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়
    কাবুলের আল-যাহরা মসজিদে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলায় অন্তত চার মুসল্লি নিহত ও বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে কাবুলের আল-যাহরা মসজিদের প্রবেশ মুখে বোমার বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এর পরপরই পুলিশের সঙ্গে ওই জঙ্গির সহযোগীদের গুলি বিনিময় হলে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর প্রায় ৩০ মিনিট ধরে তারা গুলি বিনিময়ের শব্দ শুনেছেন।  হামলায় কোনো বিশিষ্ট ব্যক্তি নিহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পদস্থ আফগান কর্মকর্তা ও রাজনীতিবিদরা মাঝেমধ্যেই আল-যাহরা মসজিদ সফর করে থাকেন।

আফগান পুলিশ জানিয়েছে, এ হামলায় তিন শিশুসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম অবশ্য এ হামলায় ছয়জনের নিহত হওয়ার খবর দিয়েছে।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

অন্যদিকে তালেবান গোষ্ঠী এ হামলার দায়িত্ব অস্বীকার করে বলেছে, তারা কখনো মসজিদে হামলা চালায় না।

তবে বাস্তবতা হচ্ছে, গত এপ্রিলে তালেবানরা আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাঁটির নিকটবর্তী একটি মসজিদের সামনে ভয়াবহ বোমা হামলা চালিয়ে ১৪০ সৈন্যকে হত্যা করেছিল। নিরস্ত্র এসব আফগান সৈন্য নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছিলেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬