জার্মানিতেও প্রবেশ করতে পারবে না এরদোগানের সেই দেহরক্ষীরা
https://parstoday.ir/bn/news/world-i41016-জার্মানিতেও_প্রবেশ_করতে_পারবে_না_এরদোগানের_সেই_দেহরক্ষীরা
জার্মানি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একদল দেহরক্ষীকে সেদেশে ঢোকার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, গত মাসে ওয়াশিংটনে তুর্কি প্রতিবাদীদের সঙ্গে সংঘাতে জড়িত এই দেহরক্ষীরা যেন জার্মানিতে পা না রাখেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • জার্মানিতেও প্রবেশ করতে পারবে না এরদোগানের সেই দেহরক্ষীরা

জার্মানি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একদল দেহরক্ষীকে সেদেশে ঢোকার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, গত মাসে ওয়াশিংটনে তুর্কি প্রতিবাদীদের সঙ্গে সংঘাতে জড়িত এই দেহরক্ষীরা যেন জার্মানিতে পা না রাখেন।

আগামী মাসে জার্মানির হামবুর্গে জি-টুয়েন্টি গ্রুপের শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আসার কথা রয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শায়েফার গতকাল (সোমবার) বলছেন, আগামী ৭ ও ৮ জুলাইয়ে অনুষ্ঠেয় জি-টুয়েন্টি সম্মেলনে নিজস্ব দেহরক্ষীদের সাথে নিয়ে আসার ব্যাপারে বিদেশী নেতাদের স্বাগত জানানো হচ্ছে, কিন্তু আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। মার্কিন বিচার বিভাগের কাছে অপরাধী হিসেবে ঘোষিত  এই ব্যক্তিদের তথা তুর্কি নিরাপত্তা রক্ষীদের কাছে আমার এই প্রত্যাশার যুক্তি রয়েছে যে তারা জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের সময়সহ দৃশ্যমান ভবিষ্যতে জার্মানিতে ঢুকবেন না।

সম্প্রতি হামবুর্গের সিনেটর অ্যান্ডি গ্রোটও বলেছেন, আমাদের রাস্তায় কেবল হামবুর্গ পুলিশেরই কিছু বলার রয়েছে, বিদেশী নিরাপত্তা রক্ষীসহ অন্যদের কোনো অধিকার নেই কিছু করার। 

অবশ্য তুরস্ক জার্মানিতে এরদোগানের আসন্ন সফরে তার সেইসব ব্যক্তিগত দেহরক্ষীদেরও পাঠাতে চায় যারা ওয়াশিংটনে প্রতিবাদীদের ওপর চড়াও হয়েছিল। তুর্কি দূতাবাস এ ব্যাপারে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৫০ ব্যক্তির এক নামের তালিকা দিয়েছে বলে হামবুর্গের দৈনিকগুলো জানিয়েছে।  

গত ১৬ মে ওয়াশিংটনে তুর্কি রাষ্ট্রদূতের বাসভবনের কাছে প্রতিবাদী তুর্কি জনগণের সঙ্গে সংঘাতের কিছু ঘটনায় জড়িত হয়েছিল এরদোগানের ব্যক্তিগত দেহরক্ষীরাসহ তুর্কি নিরাপত্তা কর্মীরা। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরদোগানের প্রথম সাক্ষাতের পরই এইসব সংঘাত ঘটে। এরদোগানের দেহরক্ষীদের হামলায় নয় জন প্রতিবাদী আহত হলে তীব্র প্রতিক্রিয়া দেখায় মার্কিন নিরাপত্তা বিভাগ।

ওয়াশিংটনের পুলিশ ওই হামলাকে পাশবিক হামলা বলে মন্তব্য করে এবং গত মধ্য জুনে মার্কিন পুলিশ এরদোগানের ১২ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

অবশ্য তুরস্ক এর প্রতিবাদে আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত জন বাসকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। ওই মন্ত্রণালয় গ্রেফতারির মার্কিন পরোয়ানাগুলোকে ‘ভুল, পক্ষপাতদুষ্ট ও বে-আইনি’ বলে মন্তব্য করে।  

মার্কিন নিরাপত্তা বিভাগ যথাযথ পদক্ষেপ নিলে ওইসব ঘটনা ঘটতো না বলে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে। 

তুরস্কের সঙ্গে জার্মানির সম্পর্কে টানাপড়েন জোরদার হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে। গত বছর তুর্কি প্রেসিডেন্টের বিরুদ্ধে কথিত অভ্যুত্থান প্রচেষ্টা ও তাতে জড়িত সন্দেহভাজন তুর্কি নাগরিকদের ওপর দমন-অভিযানের কারণে এই টানাপড়েন শুরু হয়। 

তুরস্কের সংবিধান পরিবর্তন সংক্রান্ত সাম্প্রতিক গণভোটের প্রাক্কালে জার্মানি সেদেশের মাটিতে তুর্কি মন্ত্রীদেরকে হ্যাঁ ভোট দেয়ার পক্ষে শোভাযাত্রা করার অনুমতি না দেয়ায় এবং তুরস্ক জার্মান সাংসদদেরকে তুরস্কের ইনজারলিক ঘাঁটিতে জার্মান সেনাদের অবস্থান পরিদর্শনের অনুমতি না দেয়ায় এই টানাপড়েন জোরদার হয়।#

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৭