সিরিয়ার বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নেবেন না: ওয়াশিংটনকে রাশিয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i41072-সিরিয়ার_বিরুদ্ধে_একতরফা_পদক্ষেপ_নেবেন_না_ওয়াশিংটনকে_রাশিয়ার_হুঁশিয়ারি
সিরিয়ার ওপর একতরফা পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে আমেরিকাকে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। দামেস্ক সরকার রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন অজুহাত তুলে আমেরিকা সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর মস্কোর পক্ষ থেকে এ সতর্কবাণী উচ্চারিত হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৭ ১৩:৫৩ Asia/Dhaka
  • রুশ উপপরাষ্ট্রমন্ত্রী গেনাডি গাতিলভ
    রুশ উপপরাষ্ট্রমন্ত্রী গেনাডি গাতিলভ

সিরিয়ার ওপর একতরফা পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে আমেরিকাকে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। দামেস্ক সরকার রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন অজুহাত তুলে আমেরিকা সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর মস্কোর পক্ষ থেকে এ সতর্কবাণী উচ্চারিত হলো।

আজ (বুধবার) রুশ উপপরাষ্ট্রমন্ত্রী গেনাডি গাতিলভ নিশ্চিত করেন, মার্কিন বাহিনীর জন্য সিরিয়ার সেনাবাহিনী কোনো ধরনের হুমকি সৃষ্টি করছে না। রাশিয়ার রিয়া সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর ওপর মার্কিন হামলার নিন্দা জানিয়ে গাতিলভ বলেন, এ ধরনের পদক্ষেপ স্বভাবতই উসকানিমূলক।

সিরিয়া সরকার দেশটির ভেতরেই রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা করছে বলে মার্কিন সরকার যে দাবি করেছে রাশিয়া এর আগে তা নাকচ করে দিয়েছে। গাতিলভ অন্য এক মন্তব্যে বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এ ধরনের বিবৃতি সিরিয়ার শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে। এ দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এ ধরনের বিবৃতি শান্তি আলোচনাকে জটিল করে তুলবে এবং সংকট নিরসনের লক্ষ্যে জেনেভা ও আস্তানায় যে শান্তি আলোচনা চলছে তাতে নেতিবাচক প্রভাব ফেলবে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮