নিউ ইয়র্কে পিক-আপ ট্রাক নিয়ে হামলা: ৮ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/world-i48053-নিউ_ইয়র্কে_পিক_আপ_ট্রাক_নিয়ে_হামলা_৮_ব্যক্তি_নিহত
আমেকিরার নিউ ইয়র্ক শহরে এক ট্রাক চালকের হামলায় অন্তত আট ব্যক্তি নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন পুলিশ ও স্থানীয় জনগণ জানিয়েছেন, চালক তার পিক-আপ ট্রাকটি নিয়ে ফুটপাথ ও সাইকেল চালনার জন্য ব্যবহৃত বিশেষ রাস্তার ভেতর ঢুকে পড়ে এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৭ ০৫:৫৬ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে পিক-আপ ট্রাক নিয়ে হামলা: ৮ ব্যক্তি নিহত

আমেকিরার নিউ ইয়র্ক শহরে এক ট্রাক চালকের হামলায় অন্তত আট ব্যক্তি নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন পুলিশ ও স্থানীয় জনগণ জানিয়েছেন, চালক তার পিক-আপ ট্রাকটি নিয়ে ফুটপাথ ও সাইকেল চালনার জন্য ব্যবহৃত বিশেষ রাস্তার ভেতর ঢুকে পড়ে এ হামলা চালায়।

স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটান শহরতলীতে এই ঘটনা ঘটে। ‘ওয়েস্ট সাইড’ মহাসড়ক থেকে ট্রাক-চালক তার পিক-আপ ট্রাক নিয়ে সাইকেল চালনার রাস্তায় ঢুকে পড়ে এবং পূর্ণ গতিতে সাইকেল চালকদের উপর দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে গুলিবর্ষণের শব্দ শুনতে পেয়েছেন।

তারা বলেছেন, নিউ ইয়র্ক সিটির সরকারি স্টুইভিসেন্ট হাই স্কুলের কাছে অবস্থিত সাইকেল চালনার রাস্তায় তারা লাশ এবং সাইকেলের ভাঙা অংশ পড়ে থাকতে দেখেছেন। স্কুলটি থেকে ৯/১০টি গুলির শব্দ শোনা গেছে।

এই পিক-আপ ট্রাকটি দিয়ে হামলা চালানো হয়

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এ ঘটনাকে ‘পাশবিক সন্ত্রাসী’ হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সাধারণ ও নিরপরাধ মানুষ যারা তাদের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করছিল তাদেরকে হত্যা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য পরোক্ষভাবে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে দায়ী করে বলেছেন, বিদেশে মার খাওয়ার পর দায়েশ সন্ত্রাসীদের আমেরিকায় ফিরে যেতে দেয়া হবে না। তিনি এক টুইটার বার্তায় বলেন, “মধ্যপ্রাচ্যসহ অন্যান্য স্থানে দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর তাদেরকে আমরা আমাদের দেশে ঢুকতে দিতে পারি না।”

হামলায় ভেঙেচুরে যাওয়া সাইকেল (ইনসেটে সন্দেহভাজন হামলাকারীর ছবি)

মার্কিন পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, মঙ্গলবারের ওই হামলাকারী ছিল উজবেকিস্তানের নাগরিক।  সাইফুল্লো হাবিবুল্লায়েভিচ নামের ২৯ বছর বয়সি ওই যুবক ২০১০ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং সে ফ্লোরিডায় বসবাস করছিল। তাকে পায়ে গুলি করে আটক করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আটক ব্যক্তি একাই এই হামলার পরিকল্পনা করেছিল এবং তার সঙ্গে বড় কোনো দল বা গোষ্ঠীর জড়িত থাকার আশঙ্কা নেই।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১