আসাদ 'গণহত্যা' চালিয়েছে, সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিন: মার্কিন কর্মকর্তা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে হাচিসন। একইসঙ্গে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। রাজাধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দুমা শহরে কথিত রাসায়নিক হামলার পর মার্কিন কূটনীতিক এ আহ্বান জানান।
স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হাচিসন সিরিয়ার সরকারের বিরুদ্ধে 'সমন্বিত এবং যৌথ' ব্যবস্থা গ্রহণের জন্য মার্কিন মিত্রদেশগুলো বিশেষ করে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে কিছু করার জন্য আমরা রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু তারা আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং তাকে সহায়তা দিচ্ছে। এ ধরনের গণহত্যা বন্ধে রাশিয়াকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা তাদের প্রতি সেই আহ্বানই জানাচ্ছি।"
রাসায়নিক হামলার জন্য সিরিয়ার সরকারকে অভিযুক্ত করার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে একসঙ্গে কাজ করতে সম্মত হওয়ার পর দামেস্কের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার আহ্বান এলো।
সিরিয়ার দুমা এলাকায় কথিত রাসায়নিক হামলার জন্য আমেরিকা ও তার মিত্র দেশগুলো দেশটির সরকারকে দায়ী করছে। দামেস্ক তৎক্ষণাৎ রাসায়নিক হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দামেস্ক বলছে- এ অঞ্চলে সিরিয়ার সেনাদের অগ্রাভিযান ব্যহত করতেই সন্ত্রাসীদের পক্ষ থেকে কথিত রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১১