কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের কাঙ্ক্ষিত জয়, নেইমারের চোখে আনন্দাশ্রু
-
নেইমার ও ডি. কস্তার উল্লাস
অতিরিক্ত সময়ে ফিলিপ কৌতিনহো ও নেইমারের গোলে কোস্টারিকার বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ব্রাজিল। আর এ জয়ে নক আউট পর্ব অনেকটা নিশ্চিত করেছে ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ল্যাটিন আমেরিকার এ দেশটি।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নির্ধারিত ৯০ মিনিট গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। অনেকেই যখন ধরে নিয়েছিলেন গোল-শূন্য ড্রতেই গড়াবে ম্যাচটি। কিন্তু অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই স্বস্তি এনে দেন কৌতিনহো। ফিরমিনোর হেড বক্সে পা দিয়ে নামান জেসুস। জটলা থেকে এগিয়ে এসে বুদ্ধিদীপ্ত শটে নাভাসকে ফাঁকি দেন কৌতিনহো।
এরপর অতিরিক্ত সময়েরও একদম শেষে ডগলাস কস্তার কাছ থেকে পাস পেয়ে ফাঁকায় দাঁড়ানো নেইমার দলের ব্যবধান দ্বিগুণ করেন। আর দুই হারে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে কোস্টারিকার।
পুরো খেলায় ৭২ শতাংশ বল পায়ে ছিল ব্রাজিলের। গোল শট নিয়েছে ১০ বার। অন্যদিকে একবারও গোলে শট নিতে পারেনি কোস্টারিকা।
খেলার শুরু থেকেই বল দখলে নিয়ে খেলার চেষ্টা করেছে ব্রাজিল। তবে কোস্টারিকার পোক্ত ডিফেন্স লাইনে বাধা পেয়ে জমতে পারেনি কোনো আক্রমণ। ডি-বক্সের বাইরে সেটপিসগুলোর ঠিক ব্যবহার করা যায়নি নেইমারকেই সবগুলো ফ্রি-কিক মারতে দেখা গেছে। কিন্তু তিনি ঠিক নিশানা খুঁজে পাচ্ছিলেন না। প্রথমার্ধে তবু নিশ্চিত দুই তিনটি গোলের সুযোগ হারায় ব্রাজিল।
বিরতির পর উইলিয়ানের জায়গায় ডগলাস কস্তাকে নামিয়ে খেলার গতি পালটে দেন তিতে। ডান-বাম দুই দিক থেকেই আক্রমণ বাড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটে নেইমারের নেয়া শট দারুণ ক্ষিপ্ততায় বারের উপর দিয়ে উড়িয়ে দেন নাভাস। ৭২ মিনিটে কোস্টারিকা রক্ষণের ভুলে বল নিয়ে দ্রুত ঢুকে শট নিয়েছিলেন নেইমার। তার শট বার ঘেঁষে বাইরে চলে যায়।
এর খানিক পর পড়ে গিয়ে পেনাল্টি আদায় করে ফেলেছিলেন নেইমার। তবে ভিএআর পরীক্ষার পর দেখা যায় এটা পেনাল্টি পাওয়ার মতো কোনো ফাউল নয়। অভিনয় করায় শাস্তিও পেতে পারতেন এই তারকা। মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখে অবশ্য শাস্তি পেয়েছেন পরে। শেষ বাঁশি বাজার আগে দ্বিতীয় গোলটি করেন দলের সেরা তারকা নেইমার। স্বস্তির জয়ের পর কাঁদতে দেখা যায় এই তারকাকে। পরে দিয়েছেন এই আনন্দাশ্রুর ব্যাখ্যা।
বিশ্বকাপের আগে তিন মাস চোটের কারণে মাঠেই বাইরে থাকা নেইমারের কণ্ঠে দুর্বিষহ সময় পেরিয়ে আসার আনন্দের আবেগ, ‘এখানে আসতে আমি কিসের মধ্য দিয়ে গিয়েছি, তা সবাই জানে না। এই কান্না আনন্দের, সমস্যা কাটিয়ে ওঠার এবং জেতার আকুতি থেকে বেরিয়ে আসা আবেগ।’
আজকের এ জয়ের ফলে ২ খেলা থেকে ৪ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে উঠে গেল ব্রাজিল। অন্যদিকে একমাত্র খেলায় জিতে সার্বিয়া দ্বিতীয় এবং ড্র করে সুইজারল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে। পরপর দুই খেলায় হেরে কোস্টারিকার বিদায় প্রায় নিশ্চিত।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২২