ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রথম যৌথ মহড়ায় নামছে চীন-রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i8587-ক্ষেপণাস্ত্র_বিধ্বংসী_প্রথম_যৌথ_মহড়ায়_নামছে_চীন_রাশিয়া
চীন ও রাশিয়া কম্পিউটার-সহায়তায় ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রথম যৌথ সামরিক মহড়া চালাবে। দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় উন্নয়নের লক্ষ্যে এ মহড়া চালানো হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৬ ০৮:২০ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রথম যৌথ মহড়ায় নামছে চীন-রাশিয়া

চীন ও রাশিয়া কম্পিউটার-সহায়তায় ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রথম যৌথ সামরিক মহড়া চালাবে। দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় উন্নয়নের লক্ষ্যে এ মহড়া চালানো হবে।

চলতি মাসের শেষ দিকে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী এ মহড়া চালানো হবে। ইংরেজিতে প্রকাশিত চীনের দৈনিক চায়না ডেইলি এ খবর দিয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রুশ একটি সামরিক গবেষণাগারে চলবে এ মহড়া। মহড়ার মধ্য দিয়ে দেশ দু’টি পরস্পরের কমান্ড কাঠামো এবং ডাটা আদানপ্রদান প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হবে।

অবশ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কয়েকটি বিষয়ে বিশেষ করে আমেরিকার মতো বহিরাগত শক্তির উপস্থিতি নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ মহড়ার ঘোষণা দেয়া হলো।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন বলেছে, সিউলের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে চীন এবং রাশিয়ার সমালোচনাকে উপেক্ষা করে এ আলোচনা অব্যাহত রাখা হবে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মার্চে আমেরিকার প্রতি যৌথ হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন এবং রাশিয়া। থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তাতে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়বে বলে আমেরিকার প্রতি দেয়া হুঁশিয়ারিতে বলা হয়েছে।#

মূসা রেজা/৬