ডিসেম্বর ০৪, ২০১৮ ১২:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ‘কতটা অপমানিত হলে একজন শিক্ষার্থী আত্মহত্যা করে?’-দৈনিক প্রথম আলো
  • ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ দাবি-দৈনিক যুগান্তর
  • নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে: কাদের: -দৈনিক কালেরকণ্ঠ
  • বিএনপির হেভিওয়েট নেতাদের দূরে রাখার পাঁয়তারা চলছে: রিজভী-দৈনিক ইত্তেফাক
  • এনডিআইয়ের সঙ্গে ড.কামালের বৈঠক-মানব জমিন
  • খালেদার জামিন বাতিল বিষয়ে চেম্বার আদালতের ‘নো অর্ডার’-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • বুলন্দশহরে পুলিশ খুনের পিছনে বজরং-ভিএইচপি যোগ! গ্রেফতার পাঁচ, শহরে ১৪৪ ধারা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মোদি চাকরি দিলে, যুবকরা আত্মহত্যা করছেন কেন? প্রশ্ন‌ রাহুলের-দৈনিক আজকাল
  • ভারতের ‘উপহার ফিরিয়ে দিক মালদ্বীপ, কড়া হুঁশিয়ারি চিনের -সংবাদ প্রতিদিন                            

কতটা অপমানিত হলে একজন শিক্ষার্থী আত্মহত্যা করে?-দৈনিক প্রথম আলো

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় ‘ক্ষুব্ধ’ ও ‘মর্মাহত’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষকের কথায় অপমানিত হয়ে আত্মহত্যার ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ ও ক্ষোভের কথা শুনেছি। তাদের বলেছি, কেউ অপরাধী হলে অবশ্যই শাস্তি পাবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন শিক্ষার্থী কতটা অপমানিত হলে, কতটা কষ্ট পেলে আত্মহত্যার মতো পথ বেছে নেয়? যে ঘটনাগুলো আমরা শুনছি, এর পেছনের কথা শুনছি, ঘটনার পেছনে বা ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, যদি প্রমাণ পাওয়া যায়, তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি করা হয়েছে।’

ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ দাবি-দৈনিক যুগান্তর

স্কুলে ডেকে নিয়ে বাবা-মাকে অপমান করায় ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠীরা। এ সময় তারা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসের পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করেন। স্কুলের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও বিক্ষোভে অংশ নেন। তারা এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন। মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান ও টিসি দেয়ার কথা বলায় রাজধানীর শান্তিনগরে নবম শ্রেণির ছাত্রী অরিত্রি আত্মহত্যা করেন। স্কুলের অধ্যক্ষ অরিত্রির বাবা-মাকে ডেকে মেয়ের সামনেই অপমান করে বলেন, সিদ্ধান্ত হয়েছে অরিত্রিকে নকলের অভিযোগে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হবে।

এ অপমান সইতে না পেরে বাসায় এসে আত্মহত্যার পথ বেছে নেন অরিত্রি। আত্মহত্যার কিছুক্ষণ আগে সে তার মাকে জানায়, ‘মা এ লজ্জা নিয়ে বাঁচতে চাই না।তার ছোট বোনও একই স্কুলে পড়ে। নবম শ্রেণির শিক্ষার্থী ইশরাত সুবর্ণ বলে, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই। অধ্যক্ষের খামখেয়ালির কারণেই মরতে হয়েছে অরিত্রিকে, আমরা তার পদত্যাগ চাই।

নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে: কাদের: -দৈনিক কালেরকণ্ঠ

এবারের নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবার মনোনয়ন বাণিজ্য করেছে। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাড়িতে গিয়েও ধরনা দিচ্ছেন। আমাদের খবর আছে- সেইসব বিএনপি নেতা এখন পালিয়ে বেড়াচ্ছেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি। এজন্য তাবলিগ জামাতসহ অনেকের ওপর ভর করার চেষ্টা করছে।

বিএনপি নেতা রিজভীর প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নয়াপল্টন হচ্ছে মিথ্যাচারের ফ্যাক্টোরি। সেখানে একজন আবাসিক নেতা রয়েছেন। তিনি সব সময়ই মিথ্যাচার করে বেড়াচ্ছেন। 

বিএনপির হেভিওয়েট নেতাদের দূরে রাখার পাঁয়তারা চলছে: রিজভী-দৈনিক ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘সরকারের নির্দেশনায় একেবারে পরিকল্পিতভাবে রিটার্নিং অফিসাররা বিএনপির হেভিওয়েট নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই পাঁয়তারা করছে। রিটার্নিং অফিসাররা সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের মনোনয়নপত্র তুচ্ছ কারণে বাতিল করছে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। রিজভী বলেন, রাজশাহীতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ও নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিলের সার্টিফায়েড কপি এখনো দেয়া হয়নি। অথচ আপিলের জন্য বুধবারই শেষ দিন। আইনের দ্বৈত্য প্রয়োগের অভিযোগ করেন বিএনপির এই নেতা বলেন, ‘‘বিএনপির পাঁচ নেতার আবেদন হাইকোর্টে নাকচ হওয়ার পর এটর্নি জেনারেল বলেছিলেন, ‘কারো দণ্ড হলে আপিল বিচারাধীন থাকলে তো চলবেই না, এমনকি আপিলে মুক্তি পেলেও নিস্তার নেই। কারণ দণ্ডিত ব্যক্তিকে মুক্তিলাভের পর ৫ বছর অপেক্ষা করতে হবে। এখন আমাদের প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলের এই ব্যাখ্যা যদি বিবেচনায় নেয়া হয়, তাহলে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং কক্সবাজারের সাংসদ আব্দুর রহমান বদির সংসদ সদস্য পদ কী অবৈধ নয়?”

মহীউদ্দিন খান আলমগীর, হাজী সেলিম দণ্ডিত হওয়ার পরও তাদের মনোনয়নপত্র কীভাবে বৈধ হয়- সে প্রশ্নও তোলেন রিজভী।

এনডিআইয়ের সঙ্গে ড.কামালের বৈঠক-মানব জমিন

যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক হয়।  
বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে ইসি।  
তিনি বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না। 
বৈঠকে এনডিআইয়ের সঙ্গে নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।  বৈঠকে গণফোরামে যোগ দেয়া রেজা কিবরিয়া ছাড়া ঐক্যফ্রন্টের শরিক দলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। বৈঠকে এনডিআইয়ের উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। 

খালেদার জামিন বাতিল বিষয়ে চেম্বার আদালতের নো অর্ডার-দৈনিক নয়াদিগন্ত

কুমিল্লার কাভার্ড ভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার বিচারপতি। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ মঙ্গলবার এ আদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ৬ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। এ আদেশের ফলে খালেদা জিয়ার জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আজ খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুলন্দশহরে পুলিশ খুনের পিছনে বজরং-ভিএইচপি যোগ! গ্রেফতার পাঁচ, শহরে ১৪৪ ধারা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

বুলন্দশহরে গো-রক্ষকদের তাণ্ডবের বলি পুলিশ ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহকে কি পরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে? দাদরি-কাণ্ডের প্রথম তদন্তকারী আধিকারিক সুবোধকে খুনের পিছনে কি গেরুয়া বাহিনীর হাত রয়েছে? এই ঘটনায় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর নেতাদের নাম জড়ানোর পর এমনটাই অভিযোগ উঠছে। সুবোধ-খুনে পুলিশের এফআইআরে প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বজরং দলের নেতা যোগেশ রাজের নাম। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে যোগেশ ছাড়া আরও চার জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন ভিএইচপি নেতা উপেন্দ্র রাঘব, বিজেপি যুবমোর্চা দলের শিখর আগরওয়ালও। ২৭ জন ছাড়া আরও ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যোগী আদিত্যনাথ সরকার। অন্য পুলিশকর্মীরা সুবোধকে কেন উন্মত্ত জনতার সামনে একা ছেড়ে দিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখবে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি

মোদি চাকরি দিলে, যুবকরা আত্মহত্যা করছেন কেন?‌ প্রশ্ন‌ রাহুলের-দৈনিক আজকাল

নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত কোনও জনসভায় রাফালে চুক্তি নিয়ে একটি বাক্যও বলেননি। কারণ তাহলেই তাঁকে দেশের লোকেরা বলবে, চৌকিদারই চোর।’‌ মঙ্গলবার রাজস্থানের আলোয়ারে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই মোদিকে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এদিন রাহুল ফের প্রধানমন্ত্রীকে রাফালে চুক্তি, নীরব মোদি, মেহুল চোকসির গ্রেপ্তারি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ‌যে কোনও জায়গায় ভাষণ দিতে উঠেই মোদি ভারতমাতার বন্দনা করেন। অথচ তাঁর উচিত নীরব মোদি, মেহুল চোকসি, ললিত মোদি, অনিল আম্বানিকে বন্দনা করা।

কংগ্রেস সভাপতির প্রশ্ন, ‘‌প্রধানমন্ত্রী ২০১৪ সালে লোকসভা নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন তিনি দু’‌কোটি যুবককে চাকরি দেবেন। তাহলে আলোয়ারে কর্মহীন যুবকরা আত্মহত্যা করলেন কেন।  প্রসঙ্গত, গত মাসেই আলোয়ারে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন চার বন্ধু। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় একজনকে। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছিল, চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই যুবকরা।

পার্সটুডে/বাবুল আখতার/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন