নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য আত্মঘাতী হবে: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য আত্মঘাতী হবে: ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত
- আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যেও বন্দুকযুদ্ধ-দৈনিক প্রথম আলো
- দিশেহারা পথিকের অবস্থা বিএনপির: কাদের -দৈনিক যুগান্তর
- ইলিশ আহরণে রেকর্ড ‘-দৈনিক ইত্তেফাক
- চৌদ্দগ্রাম ট্র্যাজেডি-জলঢাকায় শোকের মাতম-দৈনিক মানবজমিন
- উপজেলা-সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিরুদ্ধে মামলা, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের-দৈনিক আনন্দবাজার
- ঋণমকুবের নামে প্রহসন, মধ্যপ্রদেশে মাত্র ১৩ টাকা ছাড় পেলেন কৃষক-দৈনিক সংবাদ প্রতিদিন
- হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআইয়ের হানা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যেও বন্দুকযুদ্ধ-দৈনিক প্রথম আলো
প্রতিবেদনটিতে লেখা হয়েছে, নতুন বছরে এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত ১৪ জন। আত্মসমর্পণ বিষয়ে অধিদপ্তর–র্যাব–বিজিবি জানে না। একাধিক বাহিনী যে যার মতো অভিযান চালাচ্ছে। আত্মসমর্পণ নিয়ে দ্বিমত, সমন্বয়হীনতার প্রভাব। টেকনাফজুড়ে বিরাজ করছে আতঙ্ক ও অস্থিরতা। ছোট ছেলে বন্দুকযুদ্ধে নিহত, বড়টিকে বুধবার পুলিশ তুলে নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার খবর পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তাঁদের সত্তরোর্ধ্ব বাবা। সেখানে নেই নিশ্চিত হয়ে এখন সাবেক সাংসদ আবদুর রহমান বদির পেছনে ঘুরছেন।
কথাগুলো টেকনাফ ট্রাক মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমানের। তিন ছেলের বাবা খলিল মাদক–বিরোধী অভিযান নিয়ে টেকনাফে কী হচ্ছে বুঝতে পারছেন না।
বিএনপির স্থায়ী কমিটি: শূন্য পদে আলোচনায় যারা-দৈনিক মানবজমিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 'অবিশ্বাস্য' বিপর্যয়ের পর বিএনপির তৃণমূল পর্যায়ে বিরাজ করছে রাজ্যের হতাশা। এ অবস্থা থেকে দলকে বের করে আনতে নানা উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। আপাতত দল গোছানোর লক্ষ্যে দ্রুত মূল দল পুনর্গঠন এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের কাউন্সিল করতে চাইছেন তারা। তৃণমূলের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের পক্ষে বিএনপির হাইকমান্ড।
তৃণমূল নেতাকর্মীরা থানা, জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। কর্মসূচি দিয়ে নেতারা মাঠে না থাকা, তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর না রাখাসহ নানাবিধ কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র। যার চূড়ান্ত পরিণতি এবারের নির্বাচনে দেখা গেছে।
প্রশাসন ও ক্ষমতাসীন দলের ধরপাকড় ছিল সত্য; কিন্তু এর বিপরীতে বিএনপির মেরুদণ্ডহীন সাংগঠনিক চিত্র ধরা পড়েছে সবার চোখেমুখে। কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দলটি। সেই হতাশা কাটিয়ে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন কারাবন্দি হওয়ায় দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল গোছানোর উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে রাজপথের বিরোধী দল হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা রাখার জন্য যা করা দরকার, সেই উদ্যোগ তিনি দূর থেকে নেবেন। সে জন্য সাংগঠনিকভাবে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।
দিশেহারা পথিকের অবস্থা বিএনপির: কাদের-দৈনিক যুগান্তর
আন্দোলন ব্যর্থতার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শোচনীয়’ পরাজয়ের পর বিএনপির অবস্থা অনেকটাই দিশেহারা পথিকের মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির মুসলিম লীগের মতো বিলিন হয়ে যেতে পারে এমন আশংকা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশে মুসলিম লীগও একটা বড় দল ছিল। সংকুচিত হয়ে অস্থিত্বটা বিরল প্রজাতির প্রাণির মতো হয়ে গেছে। বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে কি না?
উপজেলা-সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি-দৈনিক মানবজমিন
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে গতরাতে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, আমাদের যে সিদ্ধান্ত হয়েছে- সিটি করপোরেশন, উপজেলা নির্বাচন এগুলোতে আমরা অংশ নিচ্ছি না। আমরা মনে করি, এ সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় এ ধরনের নির্বাচনগুলো শুধু প্রহসনে পরিণত হওয়া ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু এটা প্রমাণিত হয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যেই, ফলে নিরপেক্ষ সরকার ছাড়া এখানে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিক নিহত-দৈনিক ইত্তেফাক
কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ভোর সাড়ে ৫টার ব্রিক ফিল্ডের জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ব্রিক ফিল্ডের লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের উপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমছে না। প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে লাশের সারি।নিহতের পরিবারগুলো হচ্ছে অসহায়। দুর্ঘটনারোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ইলিশ আহরণে রেকর্ড-দৈনিক ইত্তেফাক
ইলিশ আহরণে রেকর্ড করেছে বাংলাদেশ। গত ২০১৭-১৮ অর্থবছরে দেশে ইলিশ উত্পাদিত হয়েছে ৫ লাখ ১৭ হাজার টন। যা আগের অর্থবছরের চেয়ে ২১ হাজার টন বেশি। মত্স্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বর্তমানে বাংলাদেশ ইলিশ উত্পাদনে বিশ্বে প্রথম। দেশে ইলিশ উত্পাদনের এই রেকর্ড বিশ্বে প্রথম স্থানকে আরো সুসংহত করল। সংশ্লিষ্টরা জানান, গত ১০ বছরে দেশে ইলিশ উত্পাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। এ প্রসঙ্গে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ গতকাল ইত্তেফাককে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সুরক্ষিত হওয়ায় এবং জাটকা ধরা থেকে জেলেদের বিরত রাখার কারণে ইলিশের উত্পাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, দেশে মোট মত্স্য উত্পাদনের ১২ শতাংশ ইলিশ। এছাড়া বর্তমানে দেশের জিডিপিতে প্রায় ১ শতাংশ অবদান রাখছে এই জাতীয় মাছটি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিরুদ্ধে মামলা, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের-দৈনিক আনন্দবাজার
উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিরুদ্ধে মামলায় কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শুনানির পর এই নোটিস দিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। যদিও সংরক্ষণের উপর স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।
উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিরোধিতা করে মামলা দায়ের করে ইয়ুথ ফর ইকুয়ালিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। প্রাথমিক শুনানির পর কেন্দ্রের মতামত জানতে চেয়ে শুক্রবার এই নোটিস জারি করল শীর্ষ আদালত। তবে কত দিনের মধ্যে কেন্দ্রের অবস্থান জানাতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
সংবিধানের ১০৩ তম সংশোধন করে সাধারণ শ্রেণির আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষণ বিল পাশ হয়।
ঋণমকুবের নামে প্রহসন, মধ্যপ্রদেশে মাত্র ১৩ টাকা ছাড় পেলেন কৃষক-দৈনিক সংবাদ প্রতিদিন
ক্ষমতায় আসার পর ঢাকঢোল পিটিয়ে কৃষিঋণ মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী কমল নাথ ঘোষণা করেন কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণমকুব করা হতে পারে। কিন্তু, তাড়াহুড়ো করে সেই ঘোষণা যে উপযুক্ত প্রস্তুতি না নিয়েই করা হয়েছিল তা বোঝা যাচ্ছে একাধিক ঘটনায়। এতদিন বিরোধীরা অভিযোগ তুলছিল, ঋণমকুবের তালিকায় এমন কৃষকরাও রয়েছেন যাদের কোনও অস্তিত্বই নেই। এবার প্রকাশ্যে এল নতুন ঘটনা। মধ্যপ্রদেশের আগর মালওয়ার এক কৃষকের অভিযোগ, তিনি মাত্র ১৩ টাকা ঋণে ছাড় পেয়েছেন। অথচ তাঁর পাওয়ার কথা ছিল ২৩ হাজার টাকা। আগর মালওয়া জেলার কৃষিজীবী শিবলাল কাটারিয়ার দাবি, সরকার যে ঋণমকুবের প্রকল্প ঘোষণা করেছে সেই প্রকল্প অনুযায়ী তাঁর ২৩ হাজার ৮১৫ টাকা ছাড় পাওয়ার কথা। কিন্তু, পঞ্চায়েতে যে তালিকা এসেছে তাতে দেখা যাচ্ছে তাঁর মাত্র ১৩ টাকা ঋণমকুব হয়েছে। যদিও, এজন্য কংগ্রেস সরকারকে দুষতে রাজি নন ওই কৃষক।
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআইয়ের হানা-দৈনিক আজকাল
জমি দুর্নীতি কাণ্ডে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডার বাড়িতে তল্লাশি অভিযান চালালো সিবিআই। জানা গিয়েছে, দিল্লি এবং তার সংলগ্ন ৩০টি জায়গায় জমি দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালায় সিবিআই। শুক্রবার সকালে সিবিআই রোহতকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় এবং তল্লাশি চালায়।গুরুগ্রামের জমি কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
তত্কালীন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার অধীনে থাকা হরিয়ানার নগরোন্নয়ন দফতর কীভাবে অ্যাসোসিয়েটেড জার্নালকে জমি হস্তান্তর করল, সে বিষয়েই ২০১৬ সালে প্রথমবার হরিয়ানার ভিজিলেন্স ব্যুরো তদন্ত শুরু করে। এর পর ভিজিলেন্স ব্যুরোর কাছ থেকে এই ঘটনার তদন্ত চলে যায় সিবিআই-এর দফতরে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫