পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i108308-পদ্মা_সেতু_ইস্যুতে_খালেদা_জিয়াকে_জড়িয়ে_প্রধানমন্ত্রীর_বক্তব্য_এবং_বিএনপির_প্রতিবাদ
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আবারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০২২ ১৫:১১ Asia/Dhaka
  • পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিবাদ

পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আবারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই।’ ‘খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে’ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভাবতেও পারি না, একটি দেশে জোর করে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তাঁর মুখ থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন, এই ধরনের সন্ত্রাসী বক্তব্য কী করে আসে। কোনো সভ্য দেশের মানুষ এটা কখনো সহ্য করতে পারে না। সব দেশের মানুষ শেখ হাসিনাকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছে। কোনো সভ্য সমাজে, কোনো গণতান্ত্রিক সমাজে এই ভাষা ব্যবহার করা যায় না।’

এর আগে গত বুধবার দলীয় এক সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোবেল জয়ী প্রফেসর ইউনুসকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত বলে  মন্তব্য করে সমালোচনার জন্ম দেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। ‘জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে নিয়েছেন, সেই ট্যাক্সের টাকায় পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং এখানে আপনারা যে দুর্নীতি করেছেন, সব দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। জনগণ জানতে চায়, পদ্মা সেতুর অর্থের জন্য তাঁদের কাছ থেকে কত টাকা কেটেছেন। কত টাকা পদ্মা সেতুতে ব্যয় করেছেন আর কত টাকা নিজের পকেটে ভরিয়েছেন।’

আওয়ামী লীগ ‘উন্নয়ন উন্নয়ন’ বলে চিৎকার করলেও জনগণের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘কার উন্নয়ন করেছেন? উন্নয়ন করেছেন পি কে হালদারের, উন্নয়ন করেছেন আপনাদের শিক্ষামন্ত্রীর ভাইয়ের। উন্নয়ন করেছেন ফরিদপুরের ইঞ্জিনিয়ার মোশাররফ ও তাঁর ভাইয়ের এবং উন্নয়ন করেছেন আপনাদের নিজেদের। প্রত্যেকে যাঁরা ক্ষমতায় আছেন এবং এই দেশকে একটা লুটপাটের রাজত্বে পরিণত করেছেন তাদের উন্নয়ন হয়েছে। জনগণের কোনো উন্নয়ন হয় নাই।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষ দিশেহারা হয়ে গেছে। কৃষক, শ্রমিক, মজুর যারা দিন আনে দিন খায় তাদের জীবন যাপন কঠিন হয়ে উঠেছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, স্বাধীনতার ৫০ বছরে এই সরকার ক্ষমতায় বসে  অত্যন্ত সচেতন ও পরিকল্পিতভাবে দেশের সব অর্জনকে নষ্ট করেছে। তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজকে মানুষ ভোট দিতে পারে না ভোট দিতে চায় বলে আগের রাতে ভোট হয়ে গেছে। এ দুর্বৃত্ত সরকার আমাদের সুস্থভাবে জীবন যাপন করার অধিকার কেড়ে নিয়েছে। ছাত্রদের লেখাপড়ার অধিকার কেড়ে নিয়েছে। জনগনের স্বাস্থ্যের অধিকার কেড়ে নিয়েছে। #

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।