এলাকায় আধিপত্য বিস্তার ও পদ দখল নিয়ে দ্বন্দ্ব
আ. লীগের ঘরোয়া কোন্দলে সারা দেশে ৩ নিহত, আহত ৪০
এলাকায় আধিপত্য বিস্তার এবং দলে পদ দখলের প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি গ্রুপের মধ্যে সংঘর্ষে গত দু’দিনে বিভিন্ন জেলায় অন্ততঃ তিনজন নিহত এবং পাঁচ পুলিশ সদস্য সহ ৪০ জনের বেশী আহত হয়েছেন। এর মধ্যে নাটোরে নিহত হয়েছেন দু’জন আর রংপুরে বল্লম-বিদ্ধ হয়ে মারা গেছে এক স্কুলছাত্র।
এ ছাড়া সম্মেলন কেন্দ্র করে নেতৃত্ব-প্রত্যাশীদের মধ্যে দিনাজপুর, রংপুর, লালমনির হাট কিশোরগঞ্জ এবং লক্ষ্মীপুরে সংঘর্ষ হয়েছে।
নাটোর : আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আফতাব আলী ও রুহুল আমীন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালামসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ মোতায়েন রয়েছে।
দিনাজপুরের চিরির-বন্দর উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) বিকেলে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় (৪৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কবির (২৮), নিবারণ চন্দ্র রায় (৪০) এবং এনামুল (২২)। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
যুবলীগকর্মী কবির জানিয়েছেন, আমাদের দায়িত্ব ছিল আইন-শৃঙ্খলা রক্ষার। যাতে করে কেউ মাঠে কোনো অস্ত্র বা লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করতে না পারে। বিকেল সাড়ে ৪টার দিকে এক কর্মী লাঠিসোঁটা নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করে। বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে।
রংপুর : পীরগঞ্জে স্কুলের কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে রমজান আলী ওরফে আকাশ নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন পীরগঞ্জ থানার ওসি, পাঁচ পুলিশ সদস্যসহ ১৫ জন।
গতকাল (সোমবার) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেতাবের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের কৃষক আনোয়ারুল ইসলামের ছেলে ও খেতাবপাড়া পিএমএ উচ্চবিদ্যালয়ের ছাত্র।
সংঘর্ষ চলাকালে পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়ালকে মারধর করে স্কুলকক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গ্রামবাসীর হামলায় এসআই আশরাফুল, এসআই নজরুল, এসআই রিয়াজুল, এসআই আকতার ও মহিলা পুলিশ সদস্য জ্যোতি আকতার এবং স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার আহত হন। পরে দাঙ্গা পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার এবং ছয়জনকে আটক করে।
লালমনিরহাট : কমিটি গঠন নিয়ে লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপে হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি ঘোষণা না দিয়ে সার্কিট হাউস থেকে ঘোষণা হবে জানিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতারা লালমনিরহাট সার্কিট হাউসে পৌঁছান। তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচনের দাবি নিয়ে প্রার্থী ও তাদের সমর্থকরা সার্কিট হাউস এবং আশপাশে অবস্থান নেন। উভয় পক্ষ স্লোগান ও দাবি জানিয়ে মিছিল করতে থাকে। একপর্যায়ে গভীর রাতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। আওয়ামী লীগ কর্মীরা সার্কিট হাউসের দরজা-জানালা ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। ভোররাতে পরিস্থিতি শান্ত হয়। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দুই গ্রুপের হাতাহাতির সত্যতা নিশ্চিত করে বলেন, তেমন কোনো বড় ঘটনা নয়। বড় দলে এমন বিচ্ছিন্ন ঘটনা হয়েই থাকে।
লক্ষ্মীপুর : রামগতি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর অনুসারীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও কৃষি-বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলির উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ : হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে সদর বাজারে সংঘর্ষ ঘটে। সদ্য ঘোষিত কমিটির নেতাদের গতকাল বেলা ১১টার দিকে বরণ করে নেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী। পরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হাসপাতাল মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেখানে পদ-বঞ্চিত নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।#
পার্সটুডে/এআরকে/১১