জঙ্গি ও সন্ত্রাসবাদ ইস্যুতে জাতিকে বিভক্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী: নোমান
-
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান (ফাইল ফটো)
বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য হয়ে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করতে চাইছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, জাতীয় ঐক্যের কথা প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন সেটা জাতীয় ঐক্যের কথা নয়। জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে আমরা জনগণকে অতল সমুদ্রে ভাসিয়ে দিতে পারি না। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য হয়ে গেছে এমনটা বলে মৌলিকভাবে ভুল করেছেন।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ দেশ ও জনগণের জন্য অশনি সংকেত। জঙ্গিবাদ একটি ব্যাধি। এটা একক কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সারানো সম্ভব নয়। আর সন্ত্রাসের বিরুদ্ধে বিদেশিদের সহায়তা নয়, দেশের ভেতরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নোমান আরও বলেন, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রয়োজন। জনগণের মধ্যে সেই ঐক্য প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশে সেনাবাহিনী, পুলিশ ও অন্যরা বিদেশে গিয়ে শান্তি রক্ষায় সুনামের সাথে কাজ করছে। আমাদের দেশের সরকারের অর্গানগুলো কোনো দেশের চেয়ে খাটো বলে মনে করি না। তারা শুধু বিপথে পরিচালিত হচ্ছে সরকারের কারণে। সংকট দূরীকরণে এ অর্গানগুলোই যথেষ্ট।
বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি ও রাজনীতিবিদের দায়িত্বে অবহেলা অথবা দলীয় সংর্কীনতার কারণে মানুষের জীবন আমরা ধ্বংস করতে পারব না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা দেশকে রক্ষা করব। জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা শেষে বিএনপি কনভেনশন করবে বলেও জানান আবদুল্লাহ আল নোমান।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৯