বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ: পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই-ফখরুল
গত মার্চ মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’র ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সাড়ে চার মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে দলটির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে।
কারণ হিসেবে বিএনপি নেতা-কর্মীরা বলছেন, নতুন কমিটি গঠনে দলের গঠনতন্ত্র মানা হয়নি। তাছাড়া বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় অনেক নেতাকর্মীর কর্মকাণ্ডকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি।
তারা বলছেন, সদ্য ঘোষিত কমিটিতে দলের জন্য নিবেদিত প্রাণ বা অপরিহার্য এমন অনেক নেতাকে উপদেষ্টা পদে রাখা হয়েছে। এতে করে স্থবির হয়ে পড়বে বিএনপির হাইকমান্ড।
খালেদা জিয়া অনুমোদিত বিএনপির নতুন কমিটিতে দলটির নেতাদের পরিবারের দুই ডজন সদস্য স্থান পেয়েছেন। এই কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয় রয়েছে। নারীদেরও প্রাধান্য দেয়া হয়েছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে অনেকেই আশাবাদী।
গত (শনিবার) এক সংবাদ সম্মেলনে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘেষণাকালে উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অত্যন্ত ভাইব্রেন্ট একটি কমিটি হয়েছে, ডায়নামিক একটি কমিটি হয়েছে,”
তবে কমিটি ঘোষণার সাড়ে চার ঘন্টার মধ্যে বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু শারীরিক সমস্যাজনিত কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। এছাড়া, কমিটির সহ-প্রচার সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরারব চিঠি দিয়েছেন শামীমুর রহমান শামীম।
খালেদা জিয়ার অনুমোদিত বিএনপির নতুন কমিটিতে ঠাঁই না পাওয়ায় যুক্তরাষ্ট্রে দলের নেতাদের অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
নতুন কমিটি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ নেতাকর্মীদের চাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে নিউ ইয়র্কে দলের নেতাকর্মীদের সোমবারের সমাবেশটিও স্থগিত করা হয়েছে।
কমিটি নিয়ে আসন্তোষ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ঢাকার একটি অনলাইন বার্তা সংস্থাকে বলেছেন, ‘নতুন কমিটি নিয়ে অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে। যা ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা ও টকশোতে আলোচনা হচ্ছে। তবে যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কমিটি বড় হয়েছে - এটা ঠিক না”।
তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যারা সৎ, ত্যাগী ও বিগত আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই নতুন কমিটিতে স্থান পাননি। এ বিষয়টি নিয়ে অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।’
তবে বিএনপির অনেক নেতার হতাশা বা ক্ষোভ মানতে নারাজ দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, ‘বিএনপি এখন এমন একটি রাজনৈতিক দল যার সকল কিছু এখন কম্পিউটার দিয়ে করতে হয়। তাই বিশাল দলে কিছু সমস্যা থাকবেই। হয়তো বা কিছু নাম উপরে যাবে কিছু নিচে নামবে, এ জন্য হতাশা সৃষ্টি হয়েছে। কিছু নাম কাটাছেড়া করা হলেই সব ঠিক হয়ে যাবে।’
এ দিকে, বিএনপির সদ্য ঘোষিত কমিটি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাদপড়া যোগ্য নেতাদের বিভিন্ন উপকমিটিতে জায়গা দেয়া হবে।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। কমিটি নিয়ে সৃষ্ট বিতর্ককে অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি।
ওদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মন্ত্রিসভা বৈঠকের নির্ধারিত আলোচনা শেষে বিএনপি’র নতুন কমিটি নিয়ে মন্তব্য করেন, এ কমিটিতে যুদ্ধাপরাধীদের সন্তান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিরা স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটিতে দুটি পদ শূন্য রাখা হয়েছে। শুনেছি তার একটিতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে এবং অন্যটিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে রাখা হবে।
একথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেকের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের প্রশংসা করে বলেন, ‘সে শিক্ষিত ও বুদ্ধিমতী। সে রাজনীতিতে এলে ভালোই হবে।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৮