আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে বিএনপি: আলালের মন্তব্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i17677-আওয়ামী_লীগকে_পুনর্জন্ম_দিয়েছে_বিএনপি_আলালের_মন্তব্য
আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২০, ২০১৬ ১২:৫৪ Asia/Dhaka
  • সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
    সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ (শনিবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ এক সম্মেলনে আলাল বলেছেন, ‘জঙ্গিবাদ আওয়ামী লীগের হাতেই সৃষ্টি। তারা এদের লালন পালন করে আর বিএনপি তাদের ধরে সাজা কার্যকর করে।’

আলাল বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারকারী রাজনৈতিক দল। বাকশালের রাজনীতি থেকে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে বিএনপি। কাজেই জিয়াউর রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মান দেখানো উচিত।’

কালো কোট ছেড়ে সত্য ও পরিছন্ন ইতিহাসের দিকে নজর দিতে আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।আলাল বলেন, ‘বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের বদলে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে বেশি সময় ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও হজ প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্য মতে, ১৫টি হজ ফ্লাইট ইতোমধ্যে বাতিল হয়ে যাওয়ায় ৭ হাজার হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

এর আগে দলের মহাসচীব মির্জা ফখরুল ইসলাম গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন, সরকার জঙ্গিবাদকে নির্মূল নয়, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়।

মির্জা আলমগীর বলেন, আজকে জঙ্গিবাদের যে দানব দেশকে গ্রাস করতে চলেছে, সেই জঙ্গিবাদকে সুষ্ঠুভাবে মোকাবিলা না করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে। যার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। আর এ জন্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদ ক্রমেই বেড়ে চলেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০