‘বাংলাদেশ ও সৌদি আরব সামরিক সহযোগিতা বাড়াতে চায়’  
https://parstoday.ir/bn/news/bangladesh-i18139-বাংলাদেশ_ও_সৌদি_আরব_সামরিক_সহযোগিতা_বাড়াতে_চায়’
বাংলাদেশ ও সৌদি আরব দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ১২:৫৯ Asia/Dhaka
  • মোহাম্মেদ বিন আবদুল্লাহ আল আইশ- শেখ হাসিনা
    মোহাম্মেদ বিন আবদুল্লাহ আল আইশ- শেখ হাসিনা

বাংলাদেশ ও সৌদি আরব দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।

ঢাকা সফররত সৌদি উপ-প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল্লাহ আল আইশ আজ (বৃহস্পতিবার) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই পবিত্র মসজিদ রক্ষায় সহযোগিতার অঙ্গীকার পূর্ণব্যক্ত করে বলেছেন, মক্কায় মসজিদ আল হারাম ও মদিনায় মসজিদে নববী রক্ষায় আমরা সব ধরনের সহযোগিতা করব।

সৌদি আরবকে ‘বাংলাদেশের মহান বন্ধু’ হিসেবে আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে সৌদি আরবের বিশেষ জায়গা রয়েছে।

বৈঠকে সৌদি মন্ত্রী সেদেশের বিমান বাহিনীর উন্নয়নে বাংলাদেশের কাছে টেকনিক্যাল সহযোগিতা চান। সৌদি উপমন্ত্রী বলেন, সৌদি আরব তার সীমানা রক্ষা করতে চায়। এ সময় বলেন, আমাদের বর্ডার গার্ড একাডেমি রয়েছে যার মাধ্যমে সৌদি বর্ডার গার্ডরা প্রশিক্ষণ নিতে পারে।

পাহাড়ি এলাকাসহ সারাদেশে সড়ক, ব্রিজ নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্মাণ কাজে বাংলাদেশে অনেক বিশেষজ্ঞ আছে, সৌদি আরব চাইলে তাদের ব্যবহার করতে পারে তাদের দেশের অবকাঠামো উন্নয়নে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সহযোগিতাপূর্ণ সম্পর্কে সন্তোষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি উপ-মন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল্লাহ আল আইশ।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল স্টাফ অফিসার অব আর্মড ফোর্সেস ডিভিশন লে. জেনারেল মাহফুজুর রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি।#

পার্সটুডে/এআর/২৫