গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে কানাডায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i20332-গ্লোবাল_ফান্ড_সম্মেলনে_যোগ_দিতে_কানাডায়_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে কানাডা পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে যান তিনি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১৩:১৫ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে কানাডা পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে যান তিনি।

লন্ডনে এক দিনের ব্যক্তিগত সফর শেষে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্ট্রিলের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। তাকে স্বাগত জানান কানাডার কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী এবং অটোয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে মন্ট্রিলের হোটেল ওমনি মন্ট-রয়্যাল-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কানাডা সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

শুক্রবার কানাডার মন্ট্রিলের হায়াত রিজেন্সিতে অনুষ্ঠেয় ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা। এতে বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়াকে ২০৩০ সালের মধ্যে নির্মূলের বিষয়ে আলোচনা হবে। পরে বিকেলে একই হোটেলে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

১৭ সেপ্টেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনে রিমোভিং বেরিয়ার্স টু হেল্থ থ্রো এম্পাওয়ারিং উইমেন অ্যান্ড গার্লস অ্যান্ড রিচিং দ্য মোস্ট মার্জিনালাইজড এবং এনগেজিং অ্যান্ড মোবিলাইজিং ইয়ুথ টু মিট দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস শীর্ষক  দুটি প্যানেল আলোচনা অংশ নেবেন শেখ হাসিনা। সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বিশ্ব তহবিল ও গ্লোবাল সিটিজেন আয়োজিত কনসার্টেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চারদিনের সফর শেষে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেলে দুবাই হয়ে দেশে ফিরবেন তিনি।#

পার্সটুডে/এসএম/ এমবিএ/১৬