তড়িঘড়ি করে ফখরুলসহ বিএনপি নেতাদের বিচার শুরুর অভিযোগ দুদুর
-
শামসুজ্জামান দুদু
বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে তড়িঘড়ি করে বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপির মহাসচিবসহ অপরাপর জাতীয় নেতৃবৃন্দের বিচার প্রক্রিয়া শুরু করেছে।
দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ (বৃহস্পতিবার) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আ্হুত এ সংবাদ সম্মেলনে বিএনপি’র এ নেতা বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অপ-উদ্দেশ্যে বিএনপির মহাসচিব, জাতীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করছে।“
সরকারের এহেন কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে দুদু বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বাড়ী ও জমি-জমা সরকার বাজেয়াপ্ত করেছে মর্মে বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যে সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে মূলতঃ এটি একটি কোম্পানির। এ কোম্পানিতে ৭ জন শেয়ার হোল্ডার রয়েছেন। খোকা এর একটি ক্ষুদ্র অংশের মালিক মাত্র।”
শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, “এ মামলায় খোকার অনুপস্থিতিতেই একতরফা রায় প্রদান করা হয়েছে। সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কালিমা লেপনের হীন উদ্দেশ্যেই এ রাজনৈতিক নগ্নতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে সরকার।”
দুদূ আরো বলেন, “দেশবাসীসহ আমরা লক্ষ্য করছি বিচার বিভাগকে কিভাবে প্রভাবিত করছে সরকার। বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের বিষয়ে বিভিন্ন সময়ে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি।”
তিনি বলেন, “দেশ পরিচালনায় সরকারের সীমাহীন অযোগ্যতা ও ব্যর্থতায় দেশের আপামর জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকার তার দুঃশাসন-অপশাসন ঢাকতেই বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের বিরুদ্ধে নিত্য-নতুন কৌশলে নির্যাতনের ফর্মূলা বাস্তবায়ন করছে।”
এ প্রেক্ষাপটে, বিএনপির সরকারের হিংসাশ্রয়ী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাগাতার দমন-নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। এছাড়া দেশ পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানিয়েছে বিএনপি।
নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে শামসুজ্জামান বলেন, বিএনপি কখনোই অস্থিরতা পছন্দ করে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি আওয়ামী লীগকে সহযোগিতা করতে চায়। জঙ্গিবাদ ঠেকানোর জন্য জাতীয় ঐক্য গঠনের জন্য বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চেয়েছে। খালেদা জিয়ার ওই আহ্বানের প্রতি সৈয়দ আশরাফের দৃষ্টি আকর্ষণ করেন শামসুজ্জামান দুদু।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২